সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত

তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়টি স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার (০৯ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং অপরপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এর আগে আজ সকালে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে এই আপিল শুনানি শুরু হয়।

উল্লেখ্য, গত ২১ মে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। এর আগে গত ৭ এপ্রিল ১৮৫ পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করা হয়। তারও আগে গত বছরের ২ সেপ্টেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দিয়েছিলেন।

হাইকোর্টের ওই রায়ে অধস্তন আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (যেমন- কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি মঞ্জুরিসহ) এবং শৃঙ্খলা বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির ওপর ন্যস্ত থাকা সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বিধানটি বাতিল করা হয়েছিল। এর ফলে অধস্তন আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের সামগ্রিক দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত হয়। একই সাথে অধস্তন আদালতের জন্য ২০১৭ সালে প্রণীত শৃঙ্খলাবিধিটিও বাতিল করা হয়েছিল, যা আজ আপিল বিভাগের আদেশে স্থগিত হলো।

সর্বশেষ ২৪ খবর