ঢাকা |
প্রকাশিত: 4:28 AM, October 8, 2026
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধিভুক্ত ৩ মেডিকেল শিক্ষার্থীসহ উচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী।
সম্প্রতি ৫ অক্টোবর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষে উত্তীর্ণ মোট ৪৬৯ জন মেধাবী শিক্ষার্থীর তালিকা প্রকাশ করে। প্রকাশিত চূড়ান্ত তালিকায় শাবিপ্রবির ২০১৯ শিক্ষাবর্ষের ৭ জন, ২০২০ শিক্ষাবর্ষের ৭ জন এবং ২০২১ শিক্ষাবর্ষের ৪ জন এই পদক পাচ্ছেন। প্রতি শিক্ষাবর্ষেই একজন করে শাবিপ্রবির অধিভুক্ত মেডিকেল সায়েন্সের শিক্ষার্থী এই পদক পাচ্ছেন।
ইউজিসির প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০১৯ শিক্ষাবর্ষে স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রমদ চন্দ্র বৈদ্য, অর্থনীতি বিভাগের নুসরাত জাহান তৃশা, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সাদিয়া সিন্থি দিশা, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের মাহাবুব আলম, ব্যবসায় প্রশাসন বিভাগের সায়েদা রায়হানা আক্তার, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সোহাগ আহমেদ এবং শাবিপ্রবির অধিভুক্ত মেডিকেল সায়েন্সের শিক্ষার্থী মাহেশ আচার্য।
অন্যদিকে, ২০২০ সালে এই বিশ্ববিদ্যালয় থেকে মোট ৭ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন। বিজয়ী শিক্ষার্থীরা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের মো. মিনহাজুল কিবরিয়া, অর্থনীতি বিভাগের জান্নাতুল নাঈম রিয়া, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের পাপিয়া রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের এ.কে.এম. ফখরুল হোসেন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের আফসানা আহমেদ, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের তাঞ্জেনা খাতুন তুলি এবং শাবিপ্রবির অধিভুক্ত মেডিকেল সায়েন্সেস অনুষদের প্রাণা জোশী।
২০২১ শিক্ষাবর্ষে স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোছা. জারিন তাবাসসুম তিথি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের কাউসার আলী, সমাজবিজ্ঞান বিভাগের কাইরতুন হিসান তন্নি এবং শাবিপ্রবির অধিভুক্ত মেডিকেল সায়েন্সের শিক্ষার্থী অনুপম কান্তি পাল।
উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় আরও উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে কৃতী গ্র্যাজুয়েটদের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ দিয়ে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host