ঢাকা |
প্রকাশিত: 4:49 PM, October 1, 2026
বিজয়ের কন্ঠ ডেস্কঃ
৪৯তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হয় গতকাল বুধবার। এ প্রজ্ঞাপনে চূড়ান্ত নিয়োগে বাদ পড়েন ৫৭ জন প্রার্থী। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বাকি পড়াদের মধ্যে ৪৬ জনের প্রজ্ঞাপন আগামী সোমবার (৫ অক্টোবর) জারি করা হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
৪৯তম বিসিএসের শিক্ষা ক্যাডারে নিয়োগের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারি কর্ম কমিশন ৬৬৮ জনকে সুপারিশ করেছিল। তাঁদের মধ্যে তিনজন চূড়ান্ত সনদ জমা দিতে পারেননি এবং আটজন মেডিকেল পরীক্ষায় উপস্থিত হননি। ফলে ৬৫৭ জনের মধ্যে ৬১১ জনের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন জারির জন্য আগামী সোমবার দিন নির্ধারণ করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ৪৯তম বিসিএসসহ সব নিয়োগে বাধ্যতামূলক প্রক্রিয়া অনুসরণ করা হবে। কারও বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ, দণ্ড বা আইনি জটিলতা থাকলে আইন ও বিধি অনুযায়ী তা যাচাই করা হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে ৪৯তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত নিয়োগ তালিকা প্রকাশ করে। বিসিএসের চূড়ান্ত ফলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৬৬৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দিয়েছিল। তবে যাচাই-বাছাই ও অন্যান্য প্রক্রিয়া শেষে প্রজ্ঞাপনে ৬১১ জনের নিয়োগ প্রকাশ করা হয়। এ প্রজ্ঞাপনে ৫৭ জন প্রার্থী বাদ পড়েন। তবে কী কারণে তাঁদের বাদ দেওয়া হয়েছে, তা সে সময় বলা হয়নি।
এর আগে গত বছরের ১১ নভেম্বর ৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিভিন্ন পদে ৬৮৩টি শূন্য পদের বিপরীতে ৬৬৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়। পিএসসি জানিয়েছিল, যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি।
সাধারণ শিক্ষা ক্যাডারের জন্য বিশেষ এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত বছরের ২১ জুলাই। ১০ অক্টোবর ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরের একাধিক কেন্দ্রে এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উত্তীর্ণ হন ১ হাজার ২১৯ জন প্রার্থী।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host