সড়কের দুই পাশে মানুষের ঢল, ফুলে ফুলে প্রধানমন্ত্রীকে বরণ

প্রকাশিত: 4:54 PM, October 1, 2026

সড়কের দুই পাশে মানুষের ঢল, ফুলে ফুলে প্রধানমন্ত্রীকে বরণ

বিজয়ের কন্ঠ ডেস্কঃ

ফেনীর পথে যাত্রা করা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে স্বাগত জানিয়েছেন দলটির নেতাকর্মী ও সাধারণ মানুষ। সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনা ঘাট পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে সকাল থেকেই জড়ো হন তারা। কোথাও ফুলের মালা, কোথাও পুষ্পবৃষ্টির মাধ্যমে প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়া হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে তারেক রহমানের গাড়িবহর নারায়ণগঞ্জ অতিক্রম করার সময় মহাসড়কের পাশে দলীয় পতাকা, ব্যানার ও ফুল নিয়ে অবস্থান নেন নেতাকর্মীরা। গাড়িবহর কাছে এলে স্লোগান দিয়ে শুভেচ্ছা জানান তারা। কয়েকটি স্থানে গাড়িবহর ঘিরে ফুল ছিটিয়ে ও পুষ্পবৃষ্টি করে তাকে স্বাগত জানানো হয়।

সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, শিমরাইল, কাঁচপুরসহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। গাড়িবহর এগিয়ে যাওয়ার সময় সড়কের পাশে উৎসুক মানুষের ভিড়ও বাড়ে।

নারায়ণগঞ্জের বিএনপির সংসদ সদস্যরা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন স্থানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও নিজ নিজ অবস্থান থেকে অভ্যর্থনায় অংশ নেন।

সাইনবোর্ড থেকে মেঘনা ঘাট পর্যন্ত দীর্ঘ পথজুড়ে স্লোগান, দলীয় পতাকা ও ফুলেল শুভেচ্ছায় মহাসড়কের বিভিন্ন অংশে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রসঙ্গত, এক দিনের সফরে ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৮টা ৩৬ মিনিটে গুলশানের বাসা থেকে সড়কপথে যাত্রা শুরু করে তার গাড়িবহর।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর