ঢাকা |
প্রকাশিত: 5:19 PM, October 1, 2026
বিজয়ের কন্ঠ ডেস্কঃ
আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ইসি সচিব বলেন, এসএসসি পরীক্ষা, রমজান এবং বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবসসহ স্থানীয় সামাজিক বাস্তবতাগুলো বিবেচনায় নিয়ে ইউপি নির্বাচন নিয়ে একটি সুসংহত ও বাস্তবসম্মত সিদ্ধান্তে আসবে নির্বাচন কমিশন।
তিনি জানান, ইউএনডিপির ‘ব্যালট’ প্রকল্পের আওতায় নির্বাচন কমিশন সচিবালয়, মাঠপর্যায়ের কর্মকর্তা, পুলিশ বাহিনী ও গণমাধ্যমকর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণের একটি প্রস্তাব নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। অপতথ্য, ভুল তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধের কৌশল সম্পর্কে সংশ্লিষ্টদের সক্ষমতা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।
আখতার আহমেদ বলেন, এটি কোনো নির্দিষ্ট নির্বাচনকে কেন্দ্র করে নয়; বরং ধারাবাহিক সক্ষমতা উন্নয়নের অংশ হিসেবে এ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব করা হয়েছে। বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। পরবর্তী আলোচনার মাধ্যমে প্রশিক্ষণের বিষয়বস্তু ও অংশগ্রহণকারীদের তালিকা চূড়ান্ত করা হবে।
অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রসঙ্গে ইসি সচিব বলেন, গত ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নির্বাচনের সময়সূচিসহ বিভিন্ন প্রস্তাব উঠে এসেছে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে কমিশন এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির সুষ্ঠু ও সফল নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশার যে উচ্চ মানদণ্ড তৈরি হয়েছে, নির্বাচন কমিশন তা ধরে রাখতে এবং আরও উন্নত করতে বদ্ধপরিকর।
ভোটার তালিকা, ভোটকেন্দ্র ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখার পাশাপাশি সামগ্রিক স্থানীয় পরিবেশ মূল্যায়ন করেই ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ইসি সচিব।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host