ঢাকা |
প্রকাশিত: 8:10 PM, November 2, 2026
সুয়েব রানা,নিজস্ব প্রতিবেদকঃ
প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস-ঐতিহ্য ও অপার সম্ভাবনায় সমৃদ্ধ সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরের প্রশাসনিক নেতৃত্বে শুরু হলো নতুন অধ্যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। তাঁর যোগদানের মধ্য দিয়ে উপজেলার প্রশাসনিক কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন ও উন্নয়ন অগ্রযাত্রায় নতুন প্রত্যাশার দ্বার উন্মোচিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) বিকেল ৩টায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছালে নবাগত ইউএনও মোহাম্মদ আবুল হাসনাত খাঁনকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ সম্পন্ন হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ২৫ অক্টোবর সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে মোহাম্মদ আবুল হাসনাত খাঁনকে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন।
অন্যদিকে, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
জৈন্তাপুর একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী উপজেলা। পর্যটন, প্রাকৃতিক সম্পদ, কৃষি, শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে এ উপজেলার রয়েছে বিশেষ সম্ভাবনা। এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে সরকারি উন্নয়ন কার্যক্রমের কার্যকর বাস্তবায়ন, নাগরিক সেবার সহজলভ্যতা এবং প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের সুসম্পর্ক আরও সুদৃঢ় করার সুযোগ রয়েছে।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁনের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে জনবান্ধব, স্বচ্ছ ও গতিশীল প্রশাসনিক কার্যক্রমের প্রত্যাশা সামনে এসেছে। বিশেষ করে সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, শিক্ষা ও সামাজিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া এবং স্থানীয় সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুধু প্রশাসনিক দায়িত্ব পালনই করেন না, সরকারি নীতি ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন দপ্তরের কার্যক্রম সমন্বয়েরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সেই বিবেচনায় জৈন্তাপুরের নতুন প্রশাসনিক নেতৃত্বের প্রতি রয়েছে ইতিবাচক প্রত্যাশা।
জৈন্তাপুরের মানুষের আশা, নবাগত ইউএনও মোহাম্মদ আবুল হাসনাত খাঁনের নেতৃত্বে সরকারি সেবার কার্যক্রম আরও সহজ, গতিশীল ও জনমুখী হয়ে উঠবে। প্রশাসন ও জনগণের পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে সম্ভাবনাময় জৈন্তাপুর।
নতুন কর্মস্থলে মোহাম্মদ আবুল হাসনাত খাঁনের দায়িত্বশীল ও সফল কর্মযাত্রা হোক জৈন্তাপুরের সার্বিক কল্যাণ ও অগ্রগতির সহায়ক-এমনটাই প্রত্যাশা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host