এখনও জমেনি চারখাই বাজারের পশুর হাট

প্রকাশিত: 6:11 PM, June 4, 2025

এখনও জমেনি চারখাই বাজারের পশুর হাট

অনিক আহমদ
আর মাত্র তিনদিন পরই পবিত্র ঈদুল আজহা। মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবকে সামনে রেখে দেশজুড়ে বসেছে কোরবানির পশুর হাট। সেই ধারাবাহিকতায় বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজারে বসেছে জমজমাট কোরবানির পশুর হাট। তবে হাটে দর্শনার্থীর ভিড় থাকলেও এখনও বেচাকেনা তেমন জমে ওঠেনি।
মঙ্গলবার (৩ জুন) হাট ঘুরে দেখা যায়, বিপুল সংখ্যক ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি থাকলেও অধিকাংশ ক্রেতা এখনও পশু কেনায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাচ্ছেন না। তারা গরুর গড়ন, স্বাস্থ্যের অবস্থা ও দাম যাচাই-বাছাই করে হাট থেকে ফিরে যাচ্ছেন।
স্থানীয় তানভীর আহমদ নামে একজন গরু বিক্রেতা তিনটি দেশি ষাঁড় নিয়ে এসেছেন হাটে। তিনি জানান, ‘অনেকেই গরু দেখছেন, পছন্দ করছেন, দামও বলছেন, কিন্তু এখনই কেউ কিনছেন না। ঈদের দিন একেবারে ঘনিয়ে এলে বিক্রি বাড়বে বলে আশা করছি।’
গরু দেখতে আসা একজন ক্রেতা বলেন, ‘আজ মূলত গরুর দাম যাচাই করতেই এসেছি। কয়েকটা গরুর দর জেনেছি। গরুর রাখার স্থান নির্ধারণ না হওয়া এখনই গরু কিনবো না বৃহস্পতিবার অথবা শুক্রবার গরু কিনব ভাবছি। এবার দাম মোটামুটি সাধ্যের মধ্যেই আছে।’
আর কয়েকজন ক্রেতার সাথে কথা বললে তারা একই কথা জানান। ‘এবার গরুর দাম নাগালের মধ্যেই আছে। তবে এখনই কেনার তাড়া নেই।’
হাটের ইজারাদের সাথে কথা বলে জানা যায়, ‘দুইদিন ধরে হাট চললেও এখনো পুরোপুরি জমে ওঠেনি। ক্রেতা-বিক্রেতা আসছেন ঠিকই, কিন্তু বেশিরভাগই দাম যাচাই করে ফিরে যাচ্ছেন। ধারণা করছি, ঈদের আগের দুই দিন বিক্রির চাপ অনেক বেশি থাকবে।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর