সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান, প্রবাসী বিনিয়োগ ও প্রজন্মগত সংযোগে গুরুত্ব শাহ মুনিমের

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৬

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান, প্রবাসী বিনিয়োগ ও প্রজন্মগত সংযোগে গুরুত্ব শাহ মুনিমের

সুয়েব রানা:

সিলেট নগরীর খাসদবির পয়েন্টে বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ তারিখে সিলেট হলি ডে হোমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সিলেটকে আন্তর্জাতিক মানের গ্লোবালাইজিং নগরী হিসেবে গড়ে তোলার দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা, সিলেট হলি ডে হোমের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মুনিম। তিনি সিলেটকে একটি আন্তর্জাতিক পর্যায়ের গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার দীর্ঘমেয়াদি রূপরেখা তুলে ধরেন।

তিনি বলেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্স প্রেরণকারী নন, বরং তারা বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের একটি শক্তিশালী বৈশ্বিক নেটওয়ার্কের অংশ। তাদের বিনিয়োগ ও সম্পৃক্ততাকে আরও কার্যকর করতে আধুনিক ও সহজ বিনিয়োগ কাঠামো গড়ে তোলা প্রয়োজন।

শাহ মুনিম আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের দ্বিতীয় ও তৃতীয় প্রজন্ম ধীরে ধীরে দেশের শিকড় থেকে দূরে সরে যাচ্ছে, যা ভবিষ্যতে প্রবাসী বিনিয়োগ ও সম্পর্কের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই বাস্তবতায় নতুন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পুনরায় যুক্ত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি গ্লোবালাইজিং সিলেট ধারণার আওতায় প্রবাসী বিনিয়োগ সহজীকরণে ওয়ান স্টপ সার্ভিস, প্রজন্মগত সংযোগ বৃদ্ধি, রুটস ট্যুর ও কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম, সিলেটে মেগা ইনভেস্টমেন্ট জোন এবং প্রযুক্তি খাতে উন্নয়ন, পাশাপাশি আন্তর্জাতিক মানের পর্যটন ও হসপিটালিটি অবকাঠামো গড়ে তোলার প্রস্তাব তুলে ধরেন।

তিনি আরও বলেন, সিলেটের চা বাগান, হাওর অঞ্চল ও প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে পর্যটন খাতকে আরও শক্তিশালী করা সম্ভব, যা প্রবাসী ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের রেমিট্যান্স দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকার প্রবাসী বিনিয়োগের পরিবেশ আরও সহজ ও নিরাপদ করতে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের প্রবাসী কমিউনিটি নেতা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ফিতা কেটে সিলেট হলি ডে হোমের উদ্বোধন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর