ঢাকা |
প্রকাশিত: 3:16 PM, November 10, 2026
নিজস্ব প্রতিবেদকঃ
‘নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান- টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’ প্রতিপাদ্যে সিলেটে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (রবিবার) সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় ও জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রতিটি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে নির্ভরযোগ্য পরিসংখ্যানের প্রয়োজন রয়েছে। অতীতের তথ্য- উপাত্ত বিশ্লেষণ ছাড়া ভবিষ্যৎ পরিকল্পনা যথাযথভাবে প্রণয়ন করা সম্ভব নয়। সঠিক পরিসংখ্যান ছাড়া কোনো পরিকল্পনাই কার্যকর ও সফল হতে পারে না।
তিনি বলেন, পরিসংখ্যানের ক্ষেত্রে তথ্যের নির্ভুলতা ও বিভিন্ন দপ্তরের তথ্য- উপাত্তের মধ্যে সামঞ্জস্য থাকা অত্যন্ত জরুরি। একই বিষয়ে বিভিন্ন দপ্তরের পরিসংখ্যানে অমিল থাকলে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে জটিলতা সৃষ্টি হয়। এ ধরনের তথ্যগত অসামঞ্জস্য দূর করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
বিভাগীয় কমিশনার আরও বলেন, মাঠপর্যায়ে জনবল সংকট পরিসংখ্যান কার্যক্রমের অন্যতম চ্যালেঞ্জ। অনেক উপজেলায় পরিসংখ্যান অফিসে প্রয়োজনীয় জনবল না থাকায় তথ্য সংগ্রহ ও কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে। এ সমস্যা কাটিয়ে তুলতে মাঠপর্যায়ে কার্যকর তথ্য সংগ্রহ নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন। নির্ভুল ও গ্রহণযোগ্য পরিসংখ্যান প্রণয়নে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সিলেট বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম পরিচালক মোহাম্মদ আজাদুর রহমানের সভাপতিত্বে সভায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আজিজুল বাতেন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. কামাল উদ্দিন বিশেষ অতিথির বক্তৃতা করেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host