ওসমানীনগরে বহিরাগতদের তাণ্ডবে প্রবাসীর ঘরের দেয়াল ভাঙচুর

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৬

ওসমানীনগরে বহিরাগতদের তাণ্ডবে প্রবাসীর ঘরের দেয়াল ভাঙচুর

ওসমানীনগর প্রতিনিধি
বহিরাগতদের তাণ্ডবে সিলেটের ওসমানীনগরে প্রবাসীর বাড়ির দেয়াল ভাংচুরের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার ভোরে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ঈশাগ্রাই গ্রামে মৃত ইব্রাহীম আলীর বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার পর ওই বাড়ির পৃথক দুই কেয়ারটেকারের পাল্টা পাল্টি বক্তব্য রহস্যের সৃষ্টি হয়েছে। এই বিষয়ে ইব্রাহীম আলীর পুত্র প্রবাসী আতাউর রহমানের কেয়ারটেকার ছুরাব আলীর পুত্র আব্দুল ছালাম বাদি হয়ে প্রবাসী আজিজুর রহমানের কেয়ারটেকার সাদিপুর ইউনিয়নের গাভুরটেকি গ্রামের হারুন মিয়াসহ ৪জনকে অভিযুক্ত করে ২লক্ষ ৫০ হাজার টাকার মালামাল লুঠের বিষয় উল্যেখ করে বুধবার বিকালে ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় ও সূত্রে জানা গেছে, সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে আসেন ইব্রাহিম আলীর দুই পুত্র আতাউর রহমান ও আজিজুর রহমান। পারিবারিক আপোষ-মীমাংসার পর তারা বসতঘরের মধ্যখানে দেয়াল নির্মাণ করে পৃথক করেন। পৃথক হওয়া ঘরের আতাউর রহমানের পক্ষে ইব্রাহীম আলীর ভাই একই গ্রামের সুরাব আলী ও তার ভাতিজা বুলবুল আহমদ দ্বায়িত্ব পান এবং আজিজুর রহমানের অংশের দ্বায়িত্ব পুনরায় পান ইব্রাহিম আলীর স্ত্রী মিশিরা খাতুনের ভাই হারুন মিয়া। এর আগে হারুন মিয়া বিগত ৫ বছর ধরে বাড়ি দেখাশোনার দ্বায়িত্বে ছিলেন। পরবর্তীতে আতাউর রহমান ও আজিজুর রহমান যুক্তরাজ্য চলে যান।

গত মঙ্গলবার ভোরে বাড়িতে দুটি মাইক্রোবাস(নোহা) যোগে অজ্ঞাত ৮-৯জন ব্যক্তি আতাউর রহমান এর বসত ঘরের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ভাংচুর করে। এসময় নব-সংস্কারকৃত দেয়াল ভাংচুর করে দ্রুত স্থান ত্যাগ করে। প্রবাসীর বাড়িতে ঢুকে অজ্ঞাত বহিরাগত ব্যাক্তিরা নির্মানকৃত দেয়াল ভাংচুরের বিষয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় টুনু মিয়া বলেন, তারা দুই ভাই বাড়িতে এসে আপোস মিমাংসা করে দেয়াল নির্মান করা হয়। বিষয়টি গ্রামের অনেকের জানা।
যুক্তরাজ্য থেকে আতাউর রহমান দাবি করেন, কেয়ারটেকার হারুন মিয়া বহিরাগত লোকজন নিয়ে পরিকল্পিতভাবে নির্মাণকৃত দেয়াল ভাঙ্গা ও লুটপাঠের ঘটনা ঘটিয়েছেন।

অভিযোগ অস্বিকার করে কেয়ারটেকার হারুন মিয়া জানান, সেহরির পর তার বোন যুক্তরাজ্য বসবাসরত মিশিরা খাতুন ফোন করে তাকে বাড়ির প্রধান গেইট খুলে দিতে বলেন। নির্দেশ অনুযায়ী গেইট খোলার পর ৮ থেকে ৯জন অজ্ঞাত ব্যক্তি, একজন মহিলাসহ বাড়িতে প্রবেশ করেন। এসময় হারুন মিয়াকে ঘরের বাইরে রেখে তালা ভেঙ্গে ঘরে ঢুকে ভাংচুর করে। গত পাঁচ-ছয় বছর ধরে তিনি বাড়িটির দেখভাল করছেন এবং ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমান বলেন, পিতার অবর্তমানে সকল সম্পত্তি অমার মায়ের নামে রয়েছে। সম্পত্তি পৃথক করা হয়নি। দেয়াল নির্মানে আমার মা বাধা দিয়েছিলেন। আমি বাড়িতে থাকা অবস্থায় বাড়িতে কোন দেয়াল হয়নি।

কেয়ারটেকার সুরাব আলী ও তার ভাতিজা বুলবুল আহমেদ জানান, সেহরি শেষে নামাজ আদায় করে তারা ঘুমিয়ে ছিলেন। ভোররাতে বিকট শব্দ ও গাড়ির আওয়াজে বাইরে তাকিয়ে দেখেন, বাড়ি থেকে দুইটি মাইক্রোবাস ও একটি পিকআপ বেরিয়ে যাচ্ছে। পরে ওই বাড়িতে গিয়ে ভাংচুর ও মালামাল লুট হওয়ার বিষয়টি তারা জানতে পারেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জড়িত বহিরাগতদের শনাক্তকরণ এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্য মুরশেদুল আলম ভূইয়া বলেন, বিষয়টি জানা নেই। এই বিষয়ে লিখিত অভিযোগ দিয়ে থাকলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর