ঢাকা ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৬
ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নে পারিবারিক উদ্যোগে একটি বাজার প্রতিষ্ঠা করে এলাকায় প্রশংসিত হয়ে আছেন চার সহোদর ভাই। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত ‘ময়না বাজার’ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যককেন্দ্রে পরিণত হয়েছে।
আব্দুল্লাহপুর গ্রামের মরহুম আলহাজ ময়না মিয়া ও তার পরিবার এই বাজার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখেন। বড় ভাই মন্তাজ আলী ও তোতা মিয়া এবং ছোট ভাই আব্দুর রউফ (রুফা মিয়া) নিজেদের জমি দান করে সম্মিলিত প্রচেষ্টায় বাজারটি গড়ে তোলেন। পরবর্তীতে ময়না মিয়ার নামানুসারে বাজারটির নামকরণ করা হয় ‘ময়না বাজার’ নামে। স্থানীয় এলাকা বাসীর সহযোগিতায় বাজারটি ধীরে ধীরে একটি প্রাণবন্ত বাণিজ্যককেন্দ্রে রূপ নেয়।
বর্তমানে চার ভাইয়ের কেউ জীবিত না থাকলেও তাদের অবদান এলাকার সর্বস্তরের মানুষের কাছে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
প্রতি বছরের ন্যায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মরহুম আলহাজ ময়না মিয়ার স্মরণে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বাজার প্রতিষ্ঠার দীর্ঘ সময় অতিবাহিত হলেও তাদের উত্তরসূরিরা দেশে ও প্রবাসে থেকে বাজারের উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন তারা। পাশাপাশি স্থানীয় মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নেও তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
মঙ্গলবার (২৭ রমজান) মরহুম আলহাজ্ব ময়না মিয়ার সন্তান যুক্তরাজ্যপ্রবাসী মকসুদ মিয়া শাহজাহানের পারিবারিক উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ও উছমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন রশিদ, যুক্তরাজ্যপ্রবাসী ইরা মিয়া, বিশিষ্ট ক্রীড়াবিদ ইফতেখার আলম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী এখলাছুর রহমান, আফজাল হোসেন শিমুল, আখলাক হোসেন সুমন, আফছার আহমদ তফাদার, রিপন আহমদ চৌধুরী, গেদন মিয়া, আলমগীর হোসেন, আপ্তাব আলী, মাসুক মিয়া, নুরুল ইসলামসহ এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মপ্রাণ রোজাদারগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিজেদের জমি দান করে একটি বাজার প্রতিষ্ঠা করা নিঃসন্দেহে একটি বিরল দৃষ্টান্ত। চার ভাইয়ের এই উদ্যোগ শুধু একটি বাজার প্রতিষ্ঠাই নয়, বরং এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নতুন প্রজন্মের জন্য এটি একটি অনুকরণীয় উদাহরণ বলেও তারা উল্লেখ করেন।
প্রতিষ্ঠা পরিবারের সদস্যরা জানান, বাজারটিকে আরও আধুনিক ও সমৃদ্ধ করতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তারা ভবিষ্যতে বাজারের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।
দোয়া ও ইফতার মাহফিলে মরহুম আলহাজ্ব ময়না মিয়া ও তার পরিবারের সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন ময়না বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মনছুর আহমদ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host