ওসমানীনগরে টানা বর্ষণ-দমকা হাওয়ায় বিপর্যস্ত জনজীবন : বন্যা নিয়ে বাড়ছে শঙ্কা

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৬

ওসমানীনগরে টানা বর্ষণ-দমকা হাওয়ায় বিপর্যস্ত জনজীবন : বন্যা নিয়ে বাড়ছে শঙ্কা

হারুন রশিদ, ওসমানীনগর
ঝড়ো হাওয়া ও টানা ভারী বৃষ্টিপাতে ওসমানীনগর উপজেলায় সৃষ্টি হয়েছে উদ্বেগজনক পরিস্থিতি। আকাশজুড়ে ঘন মেঘ, দমকা হাওয়া ও বিরামহীন বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একই সঙ্গে উজানের ঢল নামার আশঙ্কায় বন্যা পরিস্থিতি নিয়ে বাড়ছে দুশ্চিন্তা।
বোধবার (২৯ এপ্রিল) ভোর থেকেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় দমকা হাওয়া ও বৃষ্টি। দিন বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়তে থাকায় উপজেলার বিভিন্ন নিচু এলাকায় পানি জমে অস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, উজানে ভারতের পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুরমা নদী ও কুশিয়ারা নদীসহ আশপাশের নদ-নদীর পানি ধীরে ধীরে বাড়ছে। এতে করে আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেট বিভাগে টানা কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। স্বল্প সময়ে অতিবৃষ্টির ফলে উপজেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।
উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকরা জানান, বোরো ধান পাকতে শুরু করায় তারা ফসল ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু আকস্মিক বন্যার আশঙ্কায় অনেকেই এখন আধা-পাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। অতিবৃষ্টি ও নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বিশেষ করে হাওরসংলগ্ন এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ জরুরি। প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সম্ভাব্য বন্যায় ফসল ও জনজীবনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর