সংসদে সুরমা সেতু, দুই পুলিশ ফাঁড়ির দাবি সিলেট-৫ এমপির

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৬

সংসদে সুরমা সেতু, দুই পুলিশ ফাঁড়ির দাবি সিলেট-৫ এমপির

 

জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রতিনিধি: জাতীয় সংসদে চলমান ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান তাঁর নির্বাচনী এলাকার দীর্ঘদিনের অবহেলিত উন্নয়ন চাহিদা ও জনদুর্ভোগের বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরেছেন। বিশেষ করে কানাইঘাটে সুরমা নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ এবং জকিগঞ্জ ও কানাইঘাটে দুটি নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি তাঁর বক্তব্যের কেন্দ্রবিন্দুতে স্থান পায়।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রায় সাত মিনিটের বক্তব্যে তিনি বলেন, উন্নয়নের সুফল দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে হলে যোগাযোগ, শিক্ষা ও আইনশৃঙ্খলা খাতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

বক্তৃতার শুরুতেই তিনি কওমি মাদ্রাসা খাতে পৃথক বরাদ্দ না থাকায় হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের লাখো শিক্ষার্থী কওমি মাদ্রাসায় অধ্যয়ন করলেও প্রস্তাবিত বাজেটে এ খাতের জন্য কোনো বিশেষ বরাদ্দ রাখা হয়নি। কওমি শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নে বিশেষ বরাদ্দ দেওয়ার দাবি জানান তিনি।

একই সঙ্গে দেশের মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারী ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সরকারি ভাতা চালুর আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজে তাঁদের গুরুত্বপূর্ণ অবদান থাকা সত্ত্বেও আর্থিক নিরাপত্তার বিষয়টি এখনও উপেক্ষিত রয়ে গেছে।

নিজ নির্বাচনী এলাকার অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরে সংসদ সদস্য বলেন, সিলেট-৫ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় রয়েছে। এসব সড়কের দ্রুত উন্নয়ন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

তিনি কানাইঘাট উপজেলার ১ নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরে সুরমা নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের জোর দাবি জানান। তাঁর ভাষ্য, একটি সেতুর অভাবে হাজারো মানুষ প্রতিদিন যাতায়াত দুর্ভোগের শিকার হচ্ছেন। সেতুটি নির্মিত হলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে না, স্থানীয় অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবায়ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সীমান্ত এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে সিলেট-৫ আসনে দুটি নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনেরও দাবি জানান তিনি। এর মধ্যে একটি কানাইঘাট উপজেলার গাছবাড়ী এলাকায় এবং অপরটি জকিগঞ্জ উপজেলার শাহবাগ এলাকায় স্থাপনের প্রস্তাব করেন।

স্থানীয় সচেতন মহল মনে করেন, জকিগঞ্জ ও কানাইঘাট সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক, চোরাচালান ও বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশি নজরদারি অত্যন্ত জরুরি। বিশেষ করে শাহবাগ এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপিত হলে জকিগঞ্জ উপজেলার দূরবর্তী সীমান্ত অঞ্চলগুলোতে দ্রুত আইনশৃঙ্খলা সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। পাশাপাশি গাছবাড়ীতে পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠা কানাইঘাটের বিস্তীর্ণ এলাকার নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন এলাকাবাসী।

বক্তৃতার শেষাংশে তিনি সুরমা ও কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙন রোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি বলেন, প্রতিবছর নদীভাঙনের কারণে অসংখ্য পরিবার ভিটেমাটি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে। নদীভাঙন এখন শুধু পরিবেশগত সমস্যা নয়, এটি একটি বড় মানবিক সংকটেও রূপ নিয়েছে। তাই দ্রুত টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ সময়ের দাবি।

জাতীয় সংসদে এলাকার দীর্ঘদিনের অবহেলিত সমস্যা ও জনদাবিগুলো তুলে ধরায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ইতোমধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। জকিগঞ্জ-কানাইঘাটের সাধারণ মানুষ মনে করছেন, দীর্ঘদিনের প্রাণের দাবিগুলো সংসদে উত্থাপনের মাধ্যমে তাঁদের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছেন সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। এখন এসব দাবি বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগের অপেক্ষায় রয়েছেন দুই উপজেলার লাখো মানুষ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর