একটি ব্রীজ, একটি জনপদের আর্তনাদ: অপেক্ষায় লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন

প্রকাশিত: 5:52 PM, June 24, 2026

একটি ব্রীজ, একটি জনপদের আর্তনাদ: অপেক্ষায় লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন

সিলেটের কানাইঘাট উপজেলার ১নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন। মানচিত্রে এটি একটি ইউনিয়ন হলেও বাস্তবে যেন একটি বিচ্ছিন্ন জনপদ। ইউনিয়নের পূর্ব ও উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণ ও পশ্চিমে নদী বেষ্টিত এই অঞ্চল দীর্ঘ ৫৫ বছর ধরে একটি স্থায়ী ব্রীজের অপেক্ষায় রয়েছে।

স্বাধীনতার পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লাগলেও লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মানুষের ভাগ্যে এখনো জোটেনি একটি ব্রীজ। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ নিয়ে জীবনযাপন করছেন কয়েক হাজার মানুষ।

একটি ব্রীজের অভাবে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী, রোগী ও সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি পেলে পুরো এলাকা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। জরুরি চিকিৎসা, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যে এর নেতিবাচক প্রভাব পড়ে।

সবচেয়ে বিস্ময়ের বিষয় হলো, রাজস্ব আয়ের ক্ষেত্রে লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন কানাইঘাট উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। ইউনিয়নের লোভা কোয়ারি থেকে প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব আদায় করে সরকার। এছাড়া খেয়াঘাট, খোয়ার, খাল-বিল ইজারা এবং বিভিন্ন খাত থেকে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়।

যে ইউনিয়ন সরকারকে এত বিপুল পরিমাণ রাজস্ব দেয়, সেই ইউনিয়নের মানুষ আজও একটি ব্রীজের জন্য অপেক্ষা করছে, যা অত্যন্ত দুঃখজনক।

এ ইউনিয়ন শুধু অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নয়, ইতিহাস ও ঐতিহ্যের দিক থেকেও সমৃদ্ধ। মহান মুক্তিযুদ্ধে এ এলাকার অসংখ্য বীর সন্তান অংশগ্রহণ করেছেন। অনেক মুক্তিযোদ্ধা দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগ ও অবদান রেখেছেন। এছাড়া এ ইউনিয়নে রয়েছেন বহু শিক্ষাবিদ, শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, আলেম, সমাজসেবক ও বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত গুণীজন।

দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশে লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের অনেক কৃতী সন্তান সুনামের সঙ্গে কাজ করলেও তাদের নিজ জন্মভূমি এখনো একটি মৌলিক অবকাঠামোগত সুবিধা থেকে বঞ্চিত।

স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে ব্রীজ নির্মাণের আশ্বাস দেওয়া হলেও তা এখনো বাস্তবায়নের মুখ দেখেনি। এ নিয়ে কয়েকটি প্রজন্ম অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। অনেকেই জীবদ্দশায় ব্রীজের স্বপ্ন দেখলেও তা বাস্তবে দেখে যেতে পারেননি।

একটি স্থায়ী ব্রীজ নির্মিত হলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে না; শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে। একই সঙ্গে সীমান্তবর্তী এ জনপদের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগও লাঘব হবে।

লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সর্বস্তরের মানুষের একটাই দাবি দীর্ঘ ৫৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুত একটি স্থায়ী ব্রীজ নির্মাণ করা হোক। এটি শুধু একটি ব্রীজের দাবি নয়, এটি একটি জনপদের বাঁচার দাবি, উন্নয়নের দাবি এবং ৫৫ বছরের জমে থাকা আর্তনাদের প্রতিধ্বনি।

মীম সালমান
একনং লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়ন, কানাইঘাট- সিলেট।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর