গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সের উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষার পরিকল্পনা তুলে ধরে পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যকর জনগোষ্ঠী এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন ডা. জুবাইদা রহমান।
বুধবার তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনের (COP31) অংশ হিসেবে রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্পাউসদের উচ্চপর্যায়ের বৈঠক ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-এ বক্তব্য প্রদানকালে তিনি এ আহ্বান জানান।
বক্তব্যের শুরুতে গুরুত্বপূর্ণ এ বৈঠক আয়োজনের জন্য তুরস্কের ফার্স্ট লেডি মহামান্য এমিনে এরদোয়ানকে ধন্যবাদ জানান ডা. জুবাইদা রহমান। বর্জ্যমুক্ত কর্মসূচি এগিয়ে নিতে তাঁর নেতৃত্বের প্রশংসাও করেন তিনি।
ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশ ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-কে জোরালোভাবে স্বাগত জানায় এবং সমর্থন করে। পরিচ্ছন্ন পরিবেশ ও টেকসই ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে বাংলাদেশের সরকারের লক্ষ্যের সঙ্গে এ উদ্যোগের সামঞ্জস্য রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের ‘থ্রি-আর’ কৌশলের আওতায় বর্জ্য কমানো (Reduce), পুনর্ব্যবহার (Reuse) এবং পুনঃপ্রক্রিয়াজাতকরণ (Recycle) কার্যক্রমকে উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালার মাধ্যমে বর্জ্য পৃথকীকরণ ও নিরাপদ অপসারণ ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বাংলাদেশের ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন (এনডিসি ৩.০)-এর আওতায় ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১.৭৮ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণের কথাও তুলে ধরেন তিনি।
বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের বিভিন্ন অগ্রাধিকার তুলে ধরে তিনি বলেন, রিসাইক্লিং, কম্পোস্টিং, ল্যান্ডফিল থেকে গ্যাস আহরণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, বর্জ্য পানির উন্নত শোধন এবং চিকিৎসাসেবা-সংশ্লিষ্ট বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে।
ঢাকায় একটি বৃহৎ ‘ওয়েস্ট-টু-এনার্জি’ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগের কথা উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, এ প্রকল্পে প্রতিদিন তিন হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে দেশের অন্যান্য বড় শহরেও এ ধরনের প্রকল্প সম্প্রসারণের লক্ষ্য রয়েছে।
তিনি আরও বলেন, প্লাস্টিক দূষণ কমাতে দেশের লেক, খাল, পুকুর ও অন্যান্য জলাশয় পরিচ্ছন্ন রাখার কার্যক্রম চলছে। প্লাস্টিকের প্রাকৃতিক বিকল্প হিসেবে বাংলাদেশের সোনালি আঁশ পাটের ব্যবহার বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। এ সময় তিনি সম্মেলনে অংশগ্রহণকারী অতিথিদের গ্রিন জোনে অবস্থিত ‘বাংলাদেশ জুট প্যাভিলিয়ন’ পরিদর্শনের আমন্ত্রণ জানান।
‘গ্লোবাল মিথেন প্লেজ’-এর স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ মিথেন নির্গমন কমাতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, জলবায়ুবান্ধব কৃষি, উন্নত ধান চাষ পদ্ধতি এবং জৈব বর্জ্য থেকে জৈব সার ও পরিচ্ছন্ন শক্তি উৎপাদনে কাজ করছে বাংলাদেশ।
জিরো ওয়েস্ট লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে ডা. জুবাইদা রহমান বলেন, একক প্রচেষ্টায় এ লক্ষ্য অর্জন সম্ভব নয়। এজন্য সাশ্রয়ী জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি, বেসরকারি খাতের অংশগ্রহণ এবং অপ্রাতিষ্ঠানিক বর্জ্য কর্মীদের যথাযথ সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন।
পরিবেশ সুরক্ষার আন্দোলনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশগত সচেতনতা গড়ে তোলার কাজ শুরু হতে হবে পরিবার, বিদ্যালয় ও সমাজ থেকে। তরুণরা শুধু আগামী দিনের নেতা নয়, বর্তমান সময়ের সমস্যা সমাধানেরও গুরুত্বপূর্ণ অংশীদার।
