ঢাকা |
প্রকাশিত: 1:10 PM, September 18, 2026
বিজয়ের কন্ঠ ডেস্কঃ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট থেকে লন্ডনগামী একটি ফ্লাইটে মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে ফ্লাইটে থাকা অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়নের পর তুচ্ছ বিষয় নিয়ে দুই যাত্রীর মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা তীব্র বাকবিতণ্ডা থেকে হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।
ফ্লাইটে অবস্থান করা যাত্রী, শিশু ও বয়স্কদের মধ্যে এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠলে কেবিন ক্রুরা দ্রুত এগিয়ে এসে হস্তক্ষেপ করেন এবং দুই যাত্রীকে আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদ জানান, ফ্লাইটটি সিলেট থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার পর মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। কেবিন ক্রুরা দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুই যাত্রী একে অপরের ওপর চড়াও হয়ে তর্কে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে হাতাহাতিতে লিপ্ত হন। ধস্তাধস্তিতে এক যাত্রীর পোশাক ছিঁড়ে যায় বলেও দেখা যায়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host