ওসমানীনগরে ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতি, আটক ৭ তেরমাইলে পুলিশের অভিযানে ৩ জন আটক, দয়ামীরে জনতার হাতে আটক আরও ৪; দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশিত: 6:51 PM, September 19, 2026

ওসমানীনগরে ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতি, আটক ৭ তেরমাইলে পুলিশের অভিযানে ৩ জন আটক, দয়ামীরে জনতার হাতে আটক আরও ৪; দেশীয় অস্ত্র উদ্ধার

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের ওসমানীনগরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাতজনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার দয়ামীর ইউনিয়নের কাশিকাপন-তেরমাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে তিনজন এবং পরে দয়ামীর এলাকায় স্থানীয় জনতার হাতে আরও চারজন আটক হন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে দয়ামীর ইউনিয়নের কাশিকাপন-তেরমাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ওপর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশের একটি টহল দল অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে আলামতসহ তিনজনকে আটক করা হয়।
আটক তিনজন হলেন—জালালাবাদ থানার টুকের বাজার (বানাগাঁও) এলাকার কামরুল হাসান সাগরের ছেলে সাব্বির আহমেদ বিপ্লব (২৬), কোতোয়ালি থানার শেখঘাট (নবাবপুর) এলাকার আব্দুল হামিদের ছেলে নাহিদ হাসান (২১) এবং দক্ষিণ সুরমা থানার পৈতপাড়া (শিববাড়ী) এলাকার সুরেশ পালের ছেলে হৃদয় পাল (২০)। তাদের সবার ঠিকানা সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) আওতাধীন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের নিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে পলাতক ব্যক্তিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
অন্যদিকে, একই রাতে দয়ামীর এলাকায় স্থানীয় জনতার হাতে আরও চারজন আটক হন। তারা হলেন—জালালাবাদ থানার কাজিরগাঁও (বাদাঘাট) এলাকার আহমদ আলীর ছেলে সুফিয়ান আহমদ (২৬), সুনামগঞ্জের ছাতক উপজেলার জাওয়াকাপন গ্রামের আবেদ আলীর ছেলে রুহেল আরমান (২৬), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার আশুরাইল গ্রামের মিজান মিয়ার ছেলে রমজান হোসেন (২৬) এবং সিলেটের শাহপরান থানার জনাব আলীর ছেলে তোফাজ্জল হোসেন (২৫)।
আটক ব্যক্তিরা পুলিশের কাছে দাবি করেছেন, তারা ওসমানীনগরের স্থানীয় বাসিন্দা নন। স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাইরে থেকে নিয়ে এসেছিল বলেও তারা দাবি করেন। তবে তাদের এই বক্তব্যের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে উদ্ধার করা দেশীয় অস্ত্রগুলো আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
এর আগে গত সপ্তাহে একই উপজেলার দয়ামীর ইউনিয়নে উপজেলা বিএনপির সভাপতির নিজ এলাকা ঘেঁষে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। পরে ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়।
এ ঘটনার পর শুক্রবার রাতে তেরমাইল এলাকায় মশাল মিছিলের প্রস্তুতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় পর্যায়ে উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে এবং স্থানীয় জনতার হাতে আটক আরও চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার বিষয়ে ওসমানীনগর থানায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর