ঢাকা |
প্রকাশিত: 2:49 AM, September 22, 2026
তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জঃ
সুনামগঞ্জের জামালগঞ্জে নদ-নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক অতিরিক্ত শুল্ক ও টোল আদায়ের প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছেন স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা। অবিলম্বে এই অবৈধ অর্থ আদায় বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলার লালপুর বাজারে সর্বস্তরের ব্যবসায়ী ও নৌ-শ্রমিকদের শতস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
‘জামালগঞ্জ মিনি স্টোন ক্রাশার সমিতি’র সভাপতি হোসেন আহমদ লালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিরুল হকের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন পাথর ব্যবসায়ী জসিম উদ্দিন, লোকমান হোসেন, কবির হোসেন, নবী নূর, আমিরুল হক এবং বাংলাদেশ কার্গো বাল্কহেড সমিতির সভাপতি হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত ঘাটে মালামাল লোড ও আনলোডের জন্য প্রতি ঘনফুটে মাত্র ৫০ পয়সা হারে শুল্ক দেওয়ার নিয়ম রয়েছে। অথচ জামালগঞ্জের বিভিন্ন নৌ-ঘাটে বিআইডব্লিউটিএর নামে লোড ও আনলোড উভয় ক্ষেত্রে ২ টাকা ৮০ পয়সা করে মোট ৫ টাকা ৬০ পয়সা পর্যন্ত চাঁদা ও টোল আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি।
বক্তারা আরও জানান, এই অযৌক্তিক ও অতিরিক্ত শুল্কের চাপে ব্যবসা পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে অনেকেই ব্যবসা গুটিয়ে নিচ্ছেন এবং হাজার হাজার শ্রমজীবী মানুষ বেকার হওয়ার ঝুঁকিতে পড়েছেন। স্থানীয় ব্যবসা-বাণিজ্য রক্ষা এবং সাধারণ শ্রমিকদের রুটি-রুজির স্বার্থে সরকারি নির্ধারিত হার অনুযায়ী শুল্ক আদায়ের সুব্যবস্থা করতে প্রশাসনের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ দাবি করেন তারা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host