গোয়াইনঘাটে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন, এলজিইডি কার্যালয়ে তালা
পিরিজপুর-সোনারহাট সড়ক দ্রুত সংস্কারের দাবি শিক্ষার্থী ও সাধারণ মানুষের

প্রকাশিত: 2:57 AM, September 22, 2026

<span style='color:#077D05;font-size:19px;'>গোয়াইনঘাটে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন, এলজিইডি কার্যালয়ে তালা</span> <br/> পিরিজপুর-সোনারহাট সড়ক দ্রুত সংস্কারের দাবি শিক্ষার্থী ও সাধারণ মানুষের

সুলেমান সিদ্দিকী, গোয়াইনঘাট সিলেটঃ

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা পিরিজপুর-সোনারহাট সড়ক দ্রুত সংস্কারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। প্রায় দুই ঘণ্টাব্যাপী কর্মসূচিতে সড়কটির জরুরি সংস্কারসহ যানবাহন ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক করার দাবি জানানো হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে গোয়াইনঘাট সরকারি কলেজ গেটসংলগ্ন তিন রাস্তার মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিক্ষার্থী, পথচারী, যাত্রী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আন্দোলনকারীরা বলেন, পিরিজপুর-সোনারহাট সড়কের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ থাকায় প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও যাত্রীদের। বিশেষ করে বৃষ্টির সময় পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী ও স্থানীয়রা অভিযোগ করেন, সড়কটি সংস্কারের দাবিতে এর আগেও একাধিকবার প্রতিবাদ ও মানববন্ধন করা হয়েছে। কিন্তু দীর্ঘদিনেও কার্যকর ও দৃশ্যমান সংস্কারকাজ শুরু না হওয়ায় তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। দ্রুত সড়ক সংস্কার না হলে দুর্ভোগ আরও বাড়বে বলেও তারা জানান।

প্রায় দুই ঘণ্টা কর্মসূচি চলার পর সাধারণ মানুষ ও জরুরি প্রয়োজনে চলাচলকারী যাত্রীদের বিষয়টি বিবেচনায় নিয়ে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িকভাবে শেষ করেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করে সড়কটির দুরবস্থার কথা তুলে ধরেন এবং দ্রুত সংস্কারের দাবি জানান।

এ সময় ইউএনও রতন কুমার অধিকারী আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবির বিষয়ে একাত্মতা প্রকাশ করেন। তিনি সড়কটি দ্রুত সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বলে জানান আন্দোলনকারীরা।

এদিকে, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির একপর্যায়ে আন্দোলনকারীরা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) হাসিব আহামেদের কার্যালয়ে তালা দেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

কার্যালয়ে তালা দেওয়ার বিষয়ে উপজেলা প্রকৌশলী হাসিব আহামেদের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, পিরিজপুর-সোনারহাট সড়কটি দ্রুত সংস্কারের মাধ্যমে চলাচলের উপযোগী করা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। পাশাপাশি শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের চলাচলও স্বাভাবিক হবে।

আন্দোলনকারীরা দ্রুত সড়কের বেহাল অংশগুলো সংস্কার করে যানবাহন চলাচল স্বাভাবিক করার পাশাপাশি সড়কটির স্থায়ী ও টেকসই সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর