গোয়াইনঘাটে গাছ কাটা নিয়ে বিরোধ: রাতের আঁধারে কৃষকের ঘরে হামলা, উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: 6:24 PM, September 9, 2026

গোয়াইনঘাটে গাছ কাটা নিয়ে বিরোধ: রাতের আঁধারে কৃষকের ঘরে হামলা, উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা

সুলেমান সিদ্দিকী,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে বাড়ির আঙিনায় একটি গাছ কাটাকে কেন্দ্র করে গভীর রাতে এক কৃষকের বসতঘরে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। গত ৫ সেপ্টেম্বর দিবাগত রাতে উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের তিতকুল্লি (হাওর) গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারীকে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করলেও, পুলিশ তাকে ছেড়ে দিয়েছে এবং উল্টো ভুক্তভোগী পরিবার ও স্থানীয় ইউপি সদস্যসহ গ্রামবাসীদের বিরুদ্ধে মামলা দায়েরের খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিতকুল্লি (হাওর) গ্রামের বাসিন্দা মৃত জয়নাল আবেদীন এর ছেলে কৃষক নজরুল ইসলাম কিছুদিন পূর্বে তার নিজস্ব বসতঘরের আঙিনায় একটি গাছ কাটেন। এর জেরে তার আপন চাচা এবং পার্শ্ববর্তী পূর্ব জাফলং ইউনিয়নের বাসিন্দা আক্তার হোসেন (রবিন) গাছটি নিজের দাবি করে নজরুল ইসলামকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন।
এরই ধারাবাহিকতায়, গত ৫ সেপ্টেম্বর দিবাগত রাতে আক্তার হোসেন রবিন পার্শ্ববর্তী ইউনিয়ন জাফলং থেকে একদল ভাড়াটে সন্ত্রাসী নিয়ে এসে নজরুল ইসলামের বসতঘরে অতর্কিত হামলা চালায়। এ সময় ঘরের লোকজনের আত্মচিৎকারে আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে সন্ত্রাসীদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে অন্য সন্ত্রাসীরা পালিয়ে গেলেও মূল হোতা আক্তার হোসেন রবিনকে স্থানীয় জনতা ঘটনাস্থল থেকে আটক করে।
পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে গোয়াইনঘাট থানার সাব-ইন্সপেক্টর (এসআই) গোলাম ফাত্তাহ মোর্শেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এলাকাবাসী ও স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুল হান্নানের উপস্থিতিতে রবিনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে অভিযোগ উঠেছে, পুলিশ রবিনকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার পর কোনো এক অজ্ঞাত কারণে তাকে ছেড়ে দেয়। শুধু তাই নয়, মুক্ত হয়ে হামলাকারী রবিন উল্টো ভুক্তভোগী কৃষক নজরুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুল হান্নানসহ গ্রামের আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি পাল্টা মামলা দায়ের করেন।
পরদিন সকালে ভুক্তভোগী কৃষক নজরুল ইসলাম আক্তার হোসেন রবিনসহ অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিতে গিয়ে জানতে পারেন যে, তিনি নিজেই এখন চাচার দায়ের করা মামলার আসামি।
ভুক্তভোগী কৃষক নজরুল ইসলাম বলেন, আমার নিজের আঙিনার রোপণকৃত গাছ কাটার অপরাধে আমার চাচা রবিন মুঠোফোনে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। বিষয়টি আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানাই। এরপর গত ৫ সেপ্টেম্বর রাতে রবিন ২০-২৫ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে এসে আমার বসতঘরে অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। ওই সময় স্থানীয় জনতা রবিনকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে। কিন্তু অজ্ঞাত কারণে পুলিশ সন্ত্রাসী রবিনকে ছেড়ে দেয়। উল্টো আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং এই অন্যায়ের সুষ্ঠু বিচার চাই।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল হান্নান ও সাবেক ইউপি সদস্য আকবর আলী বলেন, খবর পেয়ে আমরা এলাকাবাসীকে সাথে নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং নজরুল ইসলামের বসতঘরে হামলার প্রমাণ পাই। একজন নিরীহ মানুষের ওপর এমন হামলা অত্যন্ত দুঃখজনক। ঘটনার পর আমরা স্থানীয় জনতা মিলে অভিযুক্ত সন্ত্রাসীকে ধরে পুলিশের কাছে সোপর্দ করি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, পুলিশ সেই সন্ত্রাসীকে ছেড়ে দিয়ে উল্টো ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধেই মামলা নিয়েছে। আমরা এই অন্যায় ও পক্ষপাতমূলক আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি করছি।

ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত আখতার হোসেন রবিনের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার ভাই ছাত্তার হোসেন হামলার বিষয়টি স্বীকার করে বলেন, নজরুল আমাদের ভাতিজা আমার ভাই রবিন ও ভাতিজা নজরুল এর মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা গোয়াইনঘাট থানার এসআই গোলাম ফাত্তাহ মোর্শেদ জানান, অফিসার ইনচার্জ এর নির্দেশে ঘটনাস্থল থেকে রবিনকে উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।

সার্বিক বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক জানান, উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ঘটনার পর থেকে তিতকুল্লি (হাওর) গ্রামের সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রকৃত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর