ঢাকা |
প্রকাশিত: 11:08 PM, October 6, 2026
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত গোয়াইনঘাট মডার্ন একাডেমিতে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের নিজস্ব ভবনে আয়োজিত অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় শিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা ও ভবিষ্যৎ গঠনের বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়া হয়। বক্তারা নিয়মিত পড়াশোনা ও দায়িত্বশীলতার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মো. মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন এবং গোয়াইনঘাট থানার এসআই নাইমুল ইসলাম।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল করিম, মঈনুদ্দিন মনু, রুকন আহমেদ, আব্দুর রব ও জুবের আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মঞ্জুর আহমেদ। তিনি নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের মেধা ও ভবিষ্যৎ গঠনে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, নবাগত শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
সংশ্লিষ্টরা মনে করেন, গোয়াইনঘাট মডার্ন একাডেমির এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনে অনুপ্রেরণা জোগানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে জ্ঞানচর্চা ও শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host