ছাতকে হেবা দলিল তদন্তে দুদক, আগেই ঘাটতি রাজস্ব পরিশোধ

প্রকাশিত: 11:22 PM, November 12, 2026

ছাতকে হেবা দলিল তদন্তে দুদক, আগেই ঘাটতি রাজস্ব পরিশোধ

ছাতক প্রতিনিধিঃ

ছাতক উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দলিল নিবন্ধনে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত রোববার (৮ নভেম্বর) দুপুরে দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের দুই সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৯২৬/২০২৬ ইং নং হেবা ঘোষণাপত্র দলিলকে কেন্দ্র করে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগের বিষয়টি সামনে আসে। তবে এ ঘটনাকে ঘিরে পাওয়া বিভিন্ন নথিপত্রে উঠে এসেছে ভিন্ন প্রেক্ষাপট। দলিলদাতা ও গ্রহীতা নিজেদের ভুল স্বীকার করে লিখিতভাবে ঘাটতি রাজস্ব জমা দিয়েছেন।

সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনায় জানা যায়, গত ২০ এপ্রিল ২০২৬ ইং তারিখে ছাতক সাব-রেজিস্ট্রি কার্যালয়ে শাহাব উদ্দিন দলিলদাতা এবং শফিকুল হক তালুকদার দলিলগ্রহীতা হিসেবে ৯২৬/২০২৬ ইং নং হেবা ঘোষণাপত্র দলিলটি নিবন্ধন করেন। দলিল সম্পাদনের সময় দলিলদাতা ও গ্রহীতা পরস্পরের সহোদর ভাই বলে তথ্য দেওয়া হয়েছিল। কিন্তু দলিল নিবন্ধনের কিছুদিন পর জানা যায়, তাঁরা প্রকৃতপক্ষে সহোদর ভাই নন। ফলে তাঁদের দেওয়া ভুল তথ্যের ভিত্তিতে হেবা দলিলটি সম্পাদিত হয়।

বিষয়টি জানার পর দলিল লেখক দলিলদাতা ও গ্রহীতাকে ডেকে প্রকৃত বিষয়টি যাচাই করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ছাতক সাব-রেজিস্ট্রি কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হলে দলিলদাতা ও গ্রহীতা নিজেদের ভুল স্বীকার করেন বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে।

গত ৯ জুলাই ২০২৬ ইং তারিখে দলিলদাতা শাহাব উদ্দিন ও দলিলগ্রহীতা শফিকুল হক তালুকদার যৌথভাবে ছাতক সাব-রেজিস্ট্রারের কাছে লিখিত আবেদন করেন। আবেদনে তাঁরা উল্লেখ করেন, পরস্পর যোগসাজশে ভুল তথ্য দিয়ে হেবা ঘোষণাপত্র দলিল সম্পাদন করায় সরকারের রাজস্ব ক্ষতির সৃষ্টি হয়েছে। এ জন্য সাফ-কবলা দলিলের প্রযোজ্য স্ট্যাম্প ফি, রেজিস্ট্রেশন ফি, স্থানীয় কর ও উৎসকরসহ যাবতীয় ঘাটতি রাজস্ব জমা দিতে তাঁরা সম্মত।

দলিল দাতা গ্রহিতার আবেদনের পরিপ্রেক্ষিতে ১২ জুলাই ২০২৬ ইং তারিখে দলিলদাতা শাহাব উদ্দিন সোনালী ব্যাংক ছাতক শাখার মাধ্যমে ঘাটতি রাজস্ব জমা দেন। ব্যাংকের পে-অর্ডার অনুযায়ী স্থানীয় কর বাবদ ১৯ হাজার ৯৫০ টাকা, স্ট্যাম্প ফি বাবদ ৮ হাজার ৯৭৫ টাকা,রেজিস্ট্রেশন ফি বাবদ ৬ হাজার ৫৫০ টাকা, উৎসকর ১৩ হাজার ৩০০ শত টাক জমা জমা দেওয়ার তথ্য পাওয়া গেছে।

দলিলদাতা শাহাব উদ্দিন ও দলিলগ্রহীতা শফিকুল হক তালুকদার তাঁদের যৌথ আবেদনে নিজেদের ভুল স্বীকার করে জানান, তাঁরা পরস্পর যোগসাজশে ২০ এপ্রিল ২০২৬ ইং তারিখে ৯২৬/২০২৬ ইং নং হেবা ঘোষণাপত্র দলিল সম্পাদন ও নিবন্ধন করেছিলেন। তাঁদের সম্পর্কের বিষয়ে ভুল তথ্য দেওয়ার কারণে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে। বিষয়টি জানার পর তাঁরা তাঁদের ভুল বুঝতে পেরে সাফ-কবলা দলিলের প্রযোজ্য স্ট্যাম্প ফি, রেজিস্ট্রেশন ফি, স্থানীয় কর, উৎসকরসহ যাবতীয় ঘাটতি রাজস্ব জমা দেওয়ার অঙ্গীকার করেন। সেই অঙ্গীকার অনুযায়ী ১২ জুলাই ২০২৬ ইং তারিখে দলিলদাতা শাহাব উদ্দিন সোনালী ব্যাংক ছাতক শাখার মাধ্যমে নির্ধারিত অর্থ সরকারি কোষাগারে জমা দিয়েছেন। তাঁরা তাঁদের আবেদনে ঘাটতি রাজস্ব গ্রহণ করে বিষয়টি নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সাব-রেজিস্ট্রারের কাছে অনুরোধ জানান।

সংশ্লিষ্টদের মতে, কোনো পক্ষের ব্যক্তিগত স্বার্থ যেন এ ঘটনাকে প্রভাবিত করতে না পারে, সে জন্য দলিল সম্পাদনের সময়কার পরিস্থিতি, দাতা-গ্রহীতার লিখিত স্বীকারোক্তি, ব্যাংকে রাজস্ব জমার প্রমাণ এবং দলিল লেখকের কৈফিয়তের জবাব নিরপেক্ষভাবে পর্যালোচনা করা প্রয়োজন।

সংশ্লিষ্ট নথিপত্রে দেখা যায়, দলিলদাতা ও গ্রহীতা নিজেরাই ভুল তথ্যের বিষয়টি স্বীকার করে লিখিত আবেদন করেছেন এবং পরবর্তী সময়ে ঘাটতি রাজস্ব সরকারি কোষাগারে জমা দিয়েছেন। অন্যদিকে, দলিল লেখক ও জেলা রেজিস্ট্রারের কাছে লিখিতভাবে তাঁর অবস্থান ব্যাখ্যা করেছেন।

এ বিষয়ে দলিল লেখক গিয়াস উদ্দিন তালুকদার বলেন, দলিলটি দাতা-গ্রহীতাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সরল বিশ্বাসে আমি দলিলটি প্রস্তুত করে রেজিষ্টারির জন্য উপস্থাপন করি। পরবর্তীতে জানতে পারি, উক্ত দলিলের মাধ্যমে সরকারের রাজস্ব ঘাটতি হয়েছে। বিষয়টি জানার পর দাতা-গ্রহীতারা নিজেদের ভুল স্বীকার করে ছাতক সাব-রেজিস্টার এর নিকট স্বীকারোক্তির মাধ্যমে ঘাটতি রাজস্ব পরিশোধ করেন। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে আমি দলিল লেখক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছি। বর্তমানে ছাতক প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছি। এছাড়া ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির তিন মেয়াদে ৯ বছর সাধারণ সম্পাদক এবং দুই মেয়াদে ৬ বছর সভাপতির দায়িত্ব পালন করেছি। পাশাপাশি স্কুল পরিচালনা কমিটির সভাপতি এবং একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতির দায়িত্ব পালন করছি এবং আরো অনান্য সামাজিক সংগঠনের সাথে আমি জড়িত আছি। আমার এসব সামাজিক ও সাংগঠনিক পরিচিতির কারণে কিছু ব্যক্তি ঈর্ষান্বিত হয়ে আমার ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছেন।

দলিল গ্রহীতা শফিকুল হক তালুকদার বলেন, আমি জমিটি আমার এক বন্ধুর কাছ থেকে ধারে টাকা দেওয়া জামানত হিসাবে গ্রহণ করেছিলাম। আমাদের মধ্যে কথা ছিল, পরবর্তীতে ধার নেওয়া টাকা পরিশোধ করলে জমিটি তাঁকে ফিরিয়ে দেব। আমরা না বুঝে সরাকরের রাজস্ব ঘাটতি করেছি। পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে সরকারি রাজস্ব ঘাটতির টাকা জমা দিয়েছি।

ছাতক সাব-রেজিস্ট্রার মোঃ সাইফুল আলম বলেন, দলিল সম্পাদনের সময় আমাকে যে তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া হয়েছিল, সেগুলোর ভিত্তিতে প্রচলিত দলিল আইন অনুযায়ী হেবা ঘোষণা দলিলটি সম্পাদন করি। পরবর্তীতে জানতে পারি, দলিলের দাতা ও গ্রহীতা সহোদর ভাই নন। বিষয়টি জানার পর দাতা-গ্রহীতারা তাঁদের ভুল স্বীকার করে সরকারি রাজস্ব ঘাটতির টাকা জমা দিতে সম্মতি জানান এবং পরবর্তীতে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেন।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত সিলেট জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমেদ বলেন, সরকারি রাজস্ব ঘাটতির বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং ঘাটতি রাজস্ব জমা দেওয়ার তথ্যও আমরা পেয়েছি। তবে ঘটনার পূর্ণাঙ্গ তথ্য জানতে ছাতক সাব-রেজিস্ট্রারের কাছে প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর