ঢাকা |
প্রকাশিত: 8:31 PM, November 14, 2026
হাফিজুল হক অনিকঃ
সিলেটের বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী চারখাই উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানে সংবর্ধনা ও প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে দোয়া মাহফিল সফলভাবে সম্পূর্ণ হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার ও চারখাই উচ্চ বিদ্যালয়ের সভাপতি উম্মে হাবিবা মজুমদার।

সংবর্ধিত শিক্ষকরা হলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপ্ন রাণী দত্ত, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদির, সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশিদ ও অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নিতাই পদ দাস।
অনুষ্ঠানটি তিন পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে সকাল ১০টায় বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, দ্বিতীয় পর্বে সকাল ১১টায় সংবর্ধনা অনুষ্ঠান ও অধিবেশন এবং তৃতীয় পর্বে দুপুর ২টায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা, বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন। তারা প্রিয় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বর্তমান শিক্ষার্থীদের মধ্যে স্কাউট সদস্যরা অতিথিদের ভিন্নভাবে সম্মান প্রদর্শন করেন। তাদের সুশৃঙ্খল উপস্থিতি, সালাম, অভ্যর্থনা ও সারিবদ্ধভাবে অতিথিদের বরণ করে নেওয়া সকলের নজর কাড়ে।
১৯৩১ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় থেকে হাজারো শিক্ষার্থী শিক্ষার আলো নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছেন। কেউ হয়েছেন শিক্ষক, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউবা সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষকরা তাদের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন।
সবশেষে মরহুম শিক্ষকদের আত্মার মাগফিরাত কামনা এবং জীবিতদের নেক হায়াত ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রাক্তন শিক্ষার্থীরা অর্থ ও শ্রম দিয়ে এই অনুষ্ঠানটি সফল করেছেন। এই মহতী উদ্যোগের জন্য এলাকাবাসী ও অতিথিরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host