কৃষকের মুখে হাসি ফোটাতে আল আমিন ফাউন্ডেশনের সার বিতরণ

প্রকাশিত: 4:57 PM, September 27, 2026

কৃষকের মুখে হাসি ফোটাতে আল আমিন ফাউন্ডেশনের সার বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধিঃ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নে কৃষকদের পাশে দাঁড়িয়েছে আল আমিন ফাউন্ডেশন। কৃষকদের কৃষিকাজে সহযোগিতা এবং অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় ফাউন্ডেশনের উদ্যোগে ৫০টি কৃষক পরিবারের মধ্যে বিনামূল্যে সার বিতরণ করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) তোয়াকুল ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কৃষক পরিবারের হাতে সার তুলে দেওয়া হয়। এ সময় আল আমিন ফাউন্ডেশনের উপদেষ্টা, বর্তমান কার্যকরী কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষক দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের বিভিন্ন সময়ে নানা ধরনের সংকটের মুখোমুখি হতে হয়। তাদের পাশে দাঁড়ানো এবং কৃষিকাজে সহযোগিতা করা সামাজিক দায়বদ্ধতার অংশ। এ লক্ষ্যেই আল আমিন ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃষকদের মধ্যে সার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আল আমিন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা সালেহ বিন আমিন বলেন, “আমরা শুধু সার বিতরণ করেই আমাদের কার্যক্রম সীমাবদ্ধ রাখিনি। আল আমিন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। অসহায় পরিবারের সদস্যদের বিভিন্নভাবে সহযোগিতা করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বই, খাতা ও শিক্ষা উপকরণ বিতরণ করে আসছি।”

তিনি আরও বলেন, “আমাদের সংগঠনের মাধ্যমে সমাজের অসহায় মানুষের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। কৃষকদের জন্য সার বিতরণও সেই মানবিক ও সামাজিক কার্যক্রমের একটি অংশ। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। কৃষি, শিক্ষা ও মানবিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

এদিকে বিনামূল্যে সার পেয়ে কৃষক পরিবারের সদস্যরা আল আমিন ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, কৃষিকাজের সময় সারসহ বিভিন্ন উপকরণের প্রয়োজন হয়। এমন সময়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে সহযোগিতা পাওয়ায় তাদের কৃষিকাজে কিছুটা হলেও স্বস্তি এসেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর