ঢাকা |
প্রকাশিত: 8:57 PM, October 22, 2026
নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদলের নেতৃবৃন্দের সঙ্গে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় নগরীর কাজীরবাজার তোপখানাস্থ সিলেট মহানগর বিএনপির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদের সভাপতিত্বে এবং প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, সহ-সভাপতি মকসুদুল করিম নুহেল ও সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব।
সভায় সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু বলেন, জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ জন্য এখন থেকেই সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে।
সভাপতির বক্তব্যে কয়েস আহমদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জেলা, উপজেলা ও পৌর পর্যায়ে সফলভাবে উদযাপনে প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, যুবদল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে তৃণমূলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মাধ্যমে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক সক্ষমতার প্রতিফলন ঘটাতে হবে।
প্রস্তুতি সভায় জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়করা বক্তব্য দেন। এ সময় জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদের পরিবারের সদস্যদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host