অভাবের তাড়নায় গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া আঁখি ও তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবারটির হাতে এক লাখ টাকার চেক তুলে দেওয়ার পাশাপাশি সন্তান প্রসবের সব খরচ বহন এবং কর্মসংস্থানের আশ্বাস দিয়েছেন তিনি।
সম্প্রতি গণমাধ্যমে ‘গর্ভের সন্তান বিক্রি করতে চান আঁখি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এতে উঠে আসে, তৃতীয়বারের মতো মা হতে যাওয়া আঁখির স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় সংসার চালানো ও স্বামীর চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়ার অসহায় চেষ্টা থেকেই অনাগত সন্তানকে বিক্রির কথা ভাবতে বাধ্য হন আঁখি।
প্রকাশিত সংবাদটি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি পরিবারটির খোঁজখবর নিতে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন। নির্দেশনার পর দ্রুততম সময়ের মধ্যে আঁখি ও তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের আর্থিক ও পারিবারিক পরিস্থিতির বিষয়ে খোঁজ নেওয়া হয়।
পরিবারটির দুরবস্থার কথা জানতে পেরে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন প্রধানমন্ত্রী। এর ধারাবাহিকতায় গত রোববার আঁখি ও তাঁর পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা হয়। সেখানে তাঁদের হাতে এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
এ ছাড়া আঁখির সন্তান প্রসবের যাবতীয় খরচ বহন এবং পরিবারের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
