সুনামগঞ্জের ৪৪৪ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি

প্রকাশিত: 1:58 AM, October 22, 2026

সুনামগঞ্জের ৪৪৪ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি

মো আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সুনামগঞ্জে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার বিকেল সাড়ে ৪টায় শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের বালুর মাঠে আনুষ্ঠানিকভাবে বিসর্জন কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ, ওসি তদন্ত মোহাম্মদ আরিফ উল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আকবর আলী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস, সাবেক সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক বিমল বণিক, বর্তমান সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পী, সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু দাস, সহ-সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী, রিংকু চৌধুরী, দপ্তর সম্পাদক বিপ্লব কান্তি দাস, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচাঁন এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতা কৃষ্ণ তালুকদার সবুজসহ অনেকে।

গত ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় এবারের শারদীয় দুর্গোৎসব। ছয় দিনব্যাপী এই উৎসবে জেলা শহরসহ ১২টি উপজেলার মোট ৪৪৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।

উৎসব চলাকালীন পুরো জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ভক্তরা পরিবার-পরিজন নিয়ে নির্বিঘ্নে মণ্ডপে মণ্ডপে গিয়ে অঞ্জলি দিয়েছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন হওয়ায় সম্প্রীতির জেলা হিসেবে সুনামগঞ্জ আবারও দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানিয়েছেন পূজা উদযাপন পরিষদ ও প্রশাসনের কর্মকর্তারা।

পূজা কমিটির নেতারা জানান, এবছর দেবী দুর্গা কৈলাস থেকে ঘোটকে (ঘোড়ায়) চড়ে মর্ত্যে এসেছিলেন। ছয় দিন ভক্তদের মাঝে থেকে অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বার্তা দিয়ে আজ নৌকায় চড়ে ভক্তদের কাঁদিয়ে পুনরায় কৈলাসে স্বামীগৃহে ফিরে গেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর