ঢাকা |
প্রকাশিত: 11:58 PM, October 18, 2026
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা বাজারে দোকানঘরের সামনের অংশ ও গলিপথ বন্ধ করে দেয়াল নির্মাণের চেষ্টাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার সকাল ১১টার দিকে বাজারে এ ঘটনা ঘটে। এতে ছয়জন আহত হয়েছেন। আহতরা হলেন আব্দুস সালাম (৪৫), ব্যবসায়ী আবুল কালাম (৫৫), প্রভাষক খুরশেদ আলম (৪০), ব্যবসায়ী জহির মিয়া (৩৫), নজরুল ইসলাম (৪০) ও হেলাল মিয়া (৩৫)। তাঁদের মধ্যে হেলাল মিয়া গুরুতর আহত হয়েছেন।
তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলকাটা বাজারের প্রধান সড়ক সংলগ্ন একটি দোকানঘরের সামনের অংশ ও পাশের গলিপথ বন্ধ করে দেয়াল নির্মাণের চেষ্টা করেন পার্শ্ববর্তী দোকানের মালিক হারুন মিয়া ও লেদু মিয়াসহ তাঁদের লোকজন। এ সময় আব্দুস সালাম ও তাঁর পক্ষের লোকজন চলাচলের পথ বন্ধ করার চেষ্টায় বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বাজারের ওই গলিপথ বন্ধ করে স্থাপনা নির্মাণের পরিকল্পনা চলছিল। শনিবার দেয়াল নির্মাণের চেষ্টা করা হলে আব্দুস সালাম ও অন্যরা বাধা দেন। এ নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী আবুল কালাম জানান, মঙ্গলকাটা বাজার এলাকার ঘাসীগাঁও মৌজার ২০৫৪ ও ২৬৭৬ নম্বর খতিয়ান-সংশ্লিষ্ট ২৬৭৬ দাগে আব্দুস সালামের দোকান রয়েছে। দোকানের পাশেই গলিপথটি অবস্থিত। তাঁর অভিযোগ, ২৬৮৭ দাগের মালিক হারুন মিয়াসহ অন্যরা গলিপথটি বন্ধ করে দেয়াল নির্মাণের চেষ্টা করেন। এতে বাধা দেওয়াকে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত প্রভাষক খুরশেদ আলম বলেন, দীর্ঘদিন ধরে গলিপথ বন্ধ করে স্থাপনা নির্মাণের পরিকল্পনা করছিলেন হারুন মিয়াসহ সংশ্লিষ্টরা। এতে বাধা দেওয়ায় মারামারির ঘটনা ঘটে।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, শহরতলির জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা বাজারে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host