ঢাকা |
প্রকাশিত: 1:47 AM, October 22, 2026
শাহ খালেদ,নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের বালাগঞ্জ উপজেলার হাসামপুর এলাকায় সরকারি রাস্তার কালভার্টের পানিপ্রবাহ বন্ধ করে মাটি ভরাট ও ঘর নির্মাণের অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা মজনু মিয়াসহ তিনজনের বিরুদ্ধে সিলেটের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। দ্রুত তদন্তের মাধ্যমে সমস্যার সমাধান ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, হাসামপুর এলাকার সরকারি রাস্তার একটি কালভার্টের পানিপ্রবাহ বাধাগ্রস্ত করে মাটি ভরাট ও নির্মাণকাজ করা হচ্ছে। এর ফলে এলাকার পানি নিষ্কাশনব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অভিযোগকারীদের দাবি, এ সমস্যার সমাধান না হলে ১৮টি গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ জলাবদ্ধতা ও পানিবন্দি হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন।
লিখিত অভিযোগে অভিযুক্ত হিসেবে বালাগঞ্জের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজনু মিয়া (৫৫), সুহেল মিয়া (৪৫) ও বাচ্চু মিয়ার (৩৫) নাম উল্লেখ করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, কালভার্টের স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হলে বর্ষা মৌসুমে বসতবাড়ি, কৃষিজমি ও রাস্তাঘাটে পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগে অবহিত করা হলেও কার্যকর সমাধান পাওয়া যায়নি বলে অভিযোগ তাঁদের।
এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে ঘটনাটি সরেজমিনে তদন্ত করে কালভার্টের পানিপ্রবাহ স্বাভাবিক রাখার ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ বিষয়ে আমার জানা নেই।”
এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, যাতে সরকারি রাস্তা ও কালভার্টের স্বাভাবিক কার্যকারিতা বজায় থাকে এবং সম্ভাব্য জলাবদ্ধতা থেকে স্থানীয় মানুষ রক্ষা পান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host