হেলিকপ্টারে সুন্দরবনের হিরণ পয়েন্ট পরিদর্শন শেষে খুলনার দাকোপ উপজেলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থাপিত অস্থায়ী হেলিপ্যাডে তাকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করে।
এর আগে সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি। সকাল ৯টার দিকে বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সকাল ১০টার দিকে আকাশ থেকে সুন্দরবন ও হিরণ পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশগত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।
দাকোপের নলিয়ানে পৌঁছালে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে নলিয়ান থেকে লঞ্চঘাট হয়ে জলপথে বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা হন তিনি।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ১২টা ৪৫ মিনিটে মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর জেটিতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর দুপুর ১টায় মধ্যাহ্নবিরতি ও বিশ্রাম শেষে বেলা ১টা ৪৫ মিনিটে বানৌজা মোংলার ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।
সভা শেষে বিকেল ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে বেলা সোয়া ৩টার দিকে প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে রওনা হয়ে সাড়ে ৩টার দিকে সেখানকার কার্যক্রম ও প্রস্তুতি পরিদর্শনের কথা রয়েছে তার।
দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সুন্দরবন, দাকোপ ও মোংলা বন্দর এলাকায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
