‘জুলাই গণঅভ্যুত্থান দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ফসল’

প্রকাশিত: 2:42 AM, October 20, 2026

‘জুলাই গণঅভ্যুত্থান দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ফসল’

জুলাই গণঅভ্যুত্থান কোনো এক দিনের ঘটনা নয়, বরং ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এর পটভূমি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

গত সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়েছে। জুলাই জাতীয় জীবনের জন্য দিকনির্দেশনা দেয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দীর্ঘদিনের গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিক পরিণতি।

তিনি বলেন, রক্তাক্ত গণঅভ্যুত্থানের ইতিহাস জাতীয় জীবনে চিরজাগরুক থাকবে এবং ভবিষ্যতেও মানুষকে অনুপ্রেরণা জোগাবে। জুলাইকে ভবিষ্যৎ বিনির্মাণের পথনির্দেশক হিসেবে বিবেচনা করতে হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সাহিত্য, নাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জুলাইয়ের ইতিহাস ও চেতনা তুলে ধরতে হবে। শুধু জুলাই মাসে বা বার্ষিক অনুষ্ঠানের মধ্যে স্মরণচর্চা সীমাবদ্ধ রাখলে চলবে না। শহীদদের আত্মত্যাগের মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে তাঁদের প্রত্যাশা এবং জাতীয় জীবনের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ প্রক্রিয়ায় বেশ কিছু কাজ এগিয়েছে। এর কিছু অংশ সাংবিধানিক এবং কিছু অংশ আইন ও বিধিবিধানের সঙ্গে সম্পর্কিত। সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়াগুলো চলমান রয়েছে।

তিনি আরও বলেন, সরকার সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় পরিবর্তন আনতে চায়। কেউ একে সংস্কার হিসেবে অভিহিত করলে তাতে সরকারের আপত্তি নেই। তবে বিরোধী দল সংশোধন প্রক্রিয়ায় এখন পর্যন্ত সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর