ঢাকা |
প্রকাশিত: 7:49 PM, September 14, 2026
মোঃ বিলাল উদ্দিন গোয়াইনঘাট সিলেট (প্রতিনিধি:)
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গত শনিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে জাফলংয়ের বল্লাঘাট থেকে জুমপাড় পর্যন্ত এই আভিযান পরিচালিত হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অবৈধ বালু উত্তোলনের সাথে সম্পৃক্ত থাকার অপরাধে ১০টি নৌকা ভেঙে ধ্বংস করা হয়। একই সাথে ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে আনুমানিক ৩ হাজার ঘনফুট অবৈধ বালু। তবে আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে রাতের আঁধারে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
অভিযান শেষে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, জাফলংয়ের পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) আমাদের জাতীয় সম্পদ। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা এই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশ ও প্রকৃতির ক্ষতিসাধন করছে, তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। পরিবেশ রক্ষা এবং সরকারি নির্দেশনার আলোকে এই ধরনের কঠোর ও জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host