ঢাকা |
প্রকাশিত: 12:24 PM, October 30, 2026
নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট নগরীর সৌন্দর্য রক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে যত্রতত্র পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানোর বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। নগরীর রাস্তা, বৈদ্যুতিক খুঁটি, দেয়াল ও বিভিন্ন স্থানে অনুমতি ছাড়া পোস্টার-ব্যানার লাগানোর ফলে নগরীর সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমেও বিঘ্ন ঘটছে। এ পরিস্থিতিতে নগরীতে পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানোর আগে সিসিক কর্তৃপক্ষের অনুমতি নেওয়া এবং নির্ধারিত নিয়ম মেনে প্রচারসামগ্রী ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সিসিকের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। তাঁদের মতে, নগরীর সৌন্দর্য রক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী। তবে উদ্যোগের সফলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তি, রাজনৈতিক দল, সামাজিক ও ধর্মীয় সংগঠন এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সরেজমিনে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, কোচিং সেন্টার, মাদ্রাসা, ব্যবসাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রচারমূলক পোস্টার, ব্যানার ও ফেস্টুন বিভিন্ন স্থানে লাগানো রয়েছে। এসব প্রচারসামগ্রীর অনেকগুলো অপরিকল্পিতভাবে স্থাপন করায় নগরীর সৌন্দর্যহানি হচ্ছে। পাশাপাশি সেগুলো অপসারণ ও পরিষ্কার করতে পরিচ্ছন্নতাকর্মীদের অতিরিক্ত সময় ও শ্রম ব্যয় করতে হচ্ছে।
নগরীকে আধুনিক ও পরিচ্ছন্ন হিসেবে গড়ে তুলতে সিসিক প্রশাসকের উদ্যোগ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে নগরীর উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করার প্রচেষ্টা চলছে। তবে এ উদ্যোগের সফলতা কেবল সিটি করপোরেশনের একার পক্ষে নিশ্চিত করা সম্ভব নয়। নগরবাসীর সচেতনতা, সহযোগিতা এবং সম্মিলিত দায়িত্ববোধের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়ে তোলা সম্ভব।
সিসিক কর্তৃপক্ষের পক্ষ থেকে রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যবসাপ্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা দিন-রাত পরিশ্রম করে নগরবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন। আমি চাই, সিসিক প্রশাসকের নেতৃত্বে এবং নগরবাসীর সহযোগিতায় সিলেট নগরী দেশের অন্যতম পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে পরিচিতি লাভ করুক।”
মোহাম্মদ একলিম আবদীন
আরো বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত নগরীর বিভিন্ন সড়ক ও এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ করছেন। কিন্তু বিভিন্ন খুঁটি, দেয়াল ও অন্যান্য স্থানে অপরিকল্পিতভাবে পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানোর কারণে তাঁদের অতিরিক্ত সময় ব্যয় করতে হয়। এসব প্রচারসামগ্রী অপসারণে যে সময় ও শ্রম ব্যয় হচ্ছে, তা অন্য পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যবহার করা গেলে নগরবাসী আরও বেশি সেবা পেতেন।
মোহাম্মদ একলিম আবদীন
আরও বলেন, নগরী পরিষ্কার রাখা শুধু সিটি করপোরেশনের দায়িত্ব নয়; এটি নগরীর প্রত্যেক নাগরিকেরও দায়িত্ব। পরিচ্ছন্নতাকর্মীদের কাজের সহযোগী হিসেবে নগরবাসী যেভাবে এগিয়ে আসছেন, সেই সহযোগিতা অব্যাহত থাকলে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পোস্টার-ব্যানার তৈরির প্রতিষ্ঠানগুলোরও দায়িত্ব রয়েছে বলে বর্জ্য ব্যবস্থাপনা শাখার প্রধান আরও বলেন, পোস্টার, ব্যানার ও ফেস্টুন তৈরি করে এমন প্রেস ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেরও সামাজিক দায়িত্ব রয়েছে। তাঁরা গ্রাহকদের প্রচারসামগ্রী নির্ধারিত নিয়ম মেনে লাগানোর বিষয়ে সচেতন করতে পারেন। যত্রতত্র পোস্টার লাগানোর পরিবর্তে অনুমোদিত স্থান ব্যবহার এবং প্রচার কার্যক্রম শেষে সংশ্লিষ্ট সামগ্রী অপসারণের বিষয়ে পরামর্শ দিলে নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
মোহাম্মদ একলিম আবদীন আরও “আমাদের প্রশাসক মহোদয় ও সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা নগরীকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নগরবাসীর সহযোগিতা ছাড়া এ প্রচেষ্টা সফল করা কঠিন। তাই দল-মতনির্বিশেষে সবাইকে নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় এগিয়ে আসতে হবে।”
সবার সম্মিলিত উদ্যোগেই পরিচ্ছন্ন সিলেট।
সিলেটকে পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে অনুমোদনহীন ও অপরিকল্পিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো থেকে বিরত থাকা, নির্ধারিত নিয়ম অনুসরণ করা এবং পরিচ্ছন্নতাকর্মীদের কাজে সহযোগিতা করা জরুরি। সিসিক প্রশাসকের নেতৃত্বে চলমান উদ্যোগের সঙ্গে নগরবাসী, রাজনৈতিক সংগঠন, ব্যবসায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রেস মালিকেরা সম্মিলিতভাবে এগিয়ে এলে সিলেটের নগর পরিবেশ আরও সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host