ঢাকা |
প্রকাশিত: 7:25 PM, September 14, 2026
সুলেমান সিদ্দিকী, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের টাস্কফোর্স। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে ২৩ জনকে আটক করা হয়। এ সময় ১০ জনকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং বালু উত্তোলনে ব্যবহৃত ২৭টি অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরগনা, পরগনা বাজার, লাঠিগ্রাম, বেড়াবিল, উত্তর প্রতাপপুর, দক্ষিণ প্রতাপপুর ও লুনী এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ২৩ জনকে হাতেনাতে আটক করা হয়। এর মধ্যে ১০ জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী মোট ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপর ১৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
এ ছাড়া অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২৭টি ড্রেজার মেশিন—বোমা মেশিন ও স্থানীয়ভাবে তৈরি ড্রেজার—ঘটনাস্থলেই পুড়িয়ে ও ভেঙে অকার্যকর করে দেওয়া হয়।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়াইনঘাট থানার এসআই গোলাম ফাত্তাহর নেতৃত্বে পুলিশের একটি দল এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশ, নদী ও সরকারি সম্পদের ক্ষতি কোনোভাবেই সহ্য করা হবে না। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host