বিএনপি নেতার নৌকা আটকে চাঁদা দাবি, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

প্রকাশিত: 3:12 AM, September 23, 2026

বিএনপি নেতার নৌকা আটকে চাঁদা দাবি, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের তাহিরপুরে পাটলাই নদীতে কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি তালহা আহমেদ অভিকে (২৫) দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া ও সাধারণ সম্পাদক উবায়দুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে, শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর এলাকায় পাটলাই নদীতে কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগে স্থানীয়রা তালহা আহমেদ অভিকে আটক করে পুলিশে দেন। তিনি সুলেমানপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পাটলাই নদীতে চলাচলকারী কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকা থেকে তালহা চাঁদা দাবি করে আসছিল। শনিবার দুপুরে স্থানীয় এক বিএনপি নেতার নৌকা আটক করে চাঁদা দাবির অভিযোগ ওঠে। এ ঘটনায় বিকালে সুলেমানপুর এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে থানায় নিয়ে যায়।

দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ বলেন, ‘তালহা দীর্ঘদিন ধরে পাটলাই নদীতে চাঁদাবাজি করে আসছে এমন অভিযোগ আমরা পেয়েছি। তার বিরুদ্ধে আরও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে। এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেওয়ার পর বিষয়টি জেলা ও উপজেলা নেতাকে জানানো হয়।’

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া বলেন, ‘ছাত্রদল একটি শৃঙ্খলাবদ্ধ সংগঠন। সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হয়। তালহা আহমেদ অভির বিরুদ্ধে উঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর