ঢাকা |
প্রকাশিত: 9:17 PM, September 23, 2026
বিজয়ের কন্ঠ ডেস্কঃ
জার্মানির পশ্চিমাঞ্চলে অবস্থিত মার্কিন বিমানবাহিনীর স্প্যাংডাহলেম বিমানঘাঁটিতে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়ন শেষে ঘাঁটিতে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার আগে যুদ্ধবিমানটির পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তবে তার আঘাতের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
জার্মান বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চারটি এফ-১৬ যুদ্ধবিমান নিয়ে প্রশিক্ষণ চলছিল। এর মধ্যে দুটি তখনো প্রশিক্ষণ এলাকায় ছিল এবং দুটি স্প্যাংডাহলেম বিমানঘাঁটির দিকে ফিরছিল। ফেরার সময় ওই দুটি বিমানের একটি দুর্ঘটনার কবলে পড়ে। বাকি বিমানগুলো পরে রামস্টেইন বিমানঘাঁটিতে নিরাপদে অবতরণ করে।
স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে জরুরি উদ্ধারকারী ও অগ্নিনির্বাপক দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।
বিমান বিধ্বস্ত হওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
স্প্যাংডাহলেম বিমানঘাঁটিতে মার্কিন বিমানবাহিনীর ৫২তম ফাইটার উইংয়ের কার্যক্রম রয়েছে। ঘাঁটিটি ইউরোপে মার্কিন ও ন্যাটোর বিভিন্ন সামরিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেখানে প্রায় ২০টি এফ-১৬ যুদ্ধবিমান রয়েছে বলে জার্মান সংবাদ সংস্থা ডিপিএ জানিয়েছে।
সূত্র: রয়টার্স, এপি, BD24Live
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host