সরকারি সব স্থাপনায় ব্লক ইট ব্যবহার করতে হবে- মন্ত্রী শাহাব উদ্দিন

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০

সরকারি সব স্থাপনায় ব্লক ইট ব্যবহার করতে হবে- মন্ত্রী শাহাব উদ্দিন

নিজস্ব প্রতিবেদন:: পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ২০২৫ সালের মধ্যে পরিবেশের জন্য ক্ষতিকর সকল ইটভাটা বন্ধ করে দেবে সরকার। এ জন্য প্রধানমন্ত্রী সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তর সম্মতিও প্রকাশ করেছেন এবং রাষ্ট্রপতি এ বিলে স্বাক্ষরও করেছেন। তাই ক্ষতিকর সকল ইট ভাটা বন্ধ করে দেওয়া হবে। আগামীতে সরকারি সকল স্থাপনায় ব্লক ইট ব্যবহার করতে হবে।

সিলেটের হরিপুরের বাঘেরখালে শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ‘পরিবেশবান্ধব ব্লক (ইকোইট) ইট ইন্ডাস্ট্রি’র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যকালে মন্ত্রী এসব কথা বলেন।

একই স্থানে ‘ সাধ্যের মাধ্যে স্বপ্নের বাড়ি’ নামক আরেকটি প্রকল্প উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভিনের সভাপতিত্বে ও ‘পরিবেশবান্ধব ব্লক (ইকোইট) ইট ইন্ডাস্ট্রি’র পরিচালক রজত কান্তি গুপ্তের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. এ.কে.এম রফিক, পরিবেশ অধিদপ্তরের পরিচালক ইসরাত জাহান পান্না, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মাহবুবুল আলম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্মসম্পাদক বিজিত চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক এ্যাড. রণজিৎ সরকার, ৬ নং ফতেহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, ইকোইট এর সিইও মিঠু তালুকদার, রমজান রুপজান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম।

মন্ত্রী আরো বলেন, ইট ভাটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। জলবায়ূ পরিবর্তন করে দেয়। দেশের বায়ূদূষিত হচ্ছে, নানা ধরণের রোগব্যধি চড়িয়ে পড়েছে। ইটভাটাগুলো দিন দিন নষ্ট করছে ফসলি জমি। তাই এখন থেকে সবাইকে পরিবেশবান্ধব ব্লক ইট ব্যবহারের চেষ্টা করতে হবে।

পরিবেশ মন্ত্রী আরো বলেন, এমন শিক্ষা গ্রহণ করো যাতে চাকরী তোমাকে খুঁজে। গতানুগতিক শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা হয়েছে। চাকুরীর জন্য লেখাপড়া করলে সমাজে শুধু চাকর জন্ম নিবে। কোনদিনও মালিক জন্ম নিবে না। তাই উদ্যোক্তা হতে হবে। চাকরী দেবার জন্য কাজ করতে হবে। এতে করেই দেশ এগিয়ে যাবে। আমাদের এই জনশক্তিতে জনসম্পদে রূপান্তর করতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর