এবার চ্যাম্পিয়ন্স লিগে ঋতুপর্ণারা

প্রকাশিত: 7:33 PM, May 21, 2026

এবার চ্যাম্পিয়ন্স লিগে ঋতুপর্ণারা

ক্রীড়াকণ্ঠ ডেস্ক
এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে গত দুই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব ছিল না। এবারই প্রথম নারী ফুটবল লিগের চ্যাম্পিয়ন ঋতুপর্ণাদের রাজশাহী স্টারস অংশগ্রহণ করতে যাচ্ছে। ১৯ মে ছিল এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব রেজিস্ট্রেশনের শেষ দিন। ঐ দিনই রাজশাহী স্টারস রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছে।

রাজশাহী স্টারস নারী ফুটবলে নবাগত দল। ঋতুপর্ণা, রুপনা চাকমাসহ একঝাঁক জাতীয় দলের ফুটবলারদের নিয়ে দল গড়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় তারা। চ্যাম্পিয়ন হয়ে এএফসি আসরে খেলার সুযোগ পেলেও প্রথমে তারা অস্বীকৃতি জানায়। পরবর্তীতে বাফুফে রাজশাহী স্টারকে অনুরোধ করে বিষয়টি পুনঃবিবেচনা করার। শেষ মুহূর্তে তারা খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

রাজশাহী স্টারসের সভাপতি মোখছেদুল কামাল বাবু সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমরা এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলছি। আর এটা বাংলাদেশে খেলতে চাই। বাফুফেকে অনুরোধ করেছি যেন আমরা স্বাগতিক হতে পারি।’

আগামী আগস্টে এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় আসর শুরু হওয়ার কথা রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর