কানাইঘাটে মাদক-চোরাচালান বিরোধী অভিযানে ওসির রেকর্ড! ৮ মাসে ৪৭ মামলা, গ্রেফতার ৫২

প্রকাশিত: 9:58 PM, August 13, 2026

কানাইঘাটে মাদক-চোরাচালান বিরোধী অভিযানে ওসির রেকর্ড!  ৮ মাসে ৪৭ মামলা, গ্রেফতার ৫২

মীম সালমান :
সিলেটের কানাইঘাটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেয়েছে থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম যোগদানের পর গত আট মাসে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ৪৭টি মামলা দায়ের এবং ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।

থানা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, গত আট মাসে মাদকবিরোধী অভিযানে ১৮টি মামলা দায়ের করে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব অভিযানে ১ হাজার ৪৮৫ পিস ইয়াবা, ২৯৬ পিস ভারতীয় অফিসার্স চয়েস মদ, ১৫০ বোতল ফেনসিডিল ও ৩২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, চোরাচালানবিরোধী অভিযানে ২৯টি মামলা দায়েরের পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ৪ লাখ ২০ হাজার শলাকা বিড়ি-সিগারেট, ৮০০ কেজি ভারতীয় চা পাতা, ৫০০ কেজি চিনি, ১ হাজার ১২৫ কেজি পেঁয়াজ, ১ হাজার ৬৮০ কেজি জিরা, ৬০টি শাড়ি, ৯৩৬টি ঔষধ/ক্রিম, ৫৭৬ বোতল সিরাপ, ৯৯টি মোবিল ও ২৫টি এমআরএফ টায়ার। এছাড়া ৪টি পিকআপ ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, জব্দ করা চোরাইপণ্যের বাজারমূল্য প্রায় কোটি টাকা।

কানাইঘাট সার্কেলের এএসপি সালমান নুর আলম ও ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে এবং জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেকের দিকনির্দেশনায় থানা পুলিশের মাঠপর্যায়ের সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ বিষয়ে কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা দিন-রাত কাজ করছেন। মাদক ও চোরাচালানবিরোধী অভিযান এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে পুলিশ আন্তরিকভাবে দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির পাশাপাশি থানা পুলিশও নিয়মিত অভিযান চালাচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। মাদক নির্মূলে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর