কানাইঘাটে মোবাইল কোর্ট, ভিডিও ধারণে সাংবাদিককে বাধা

প্রকাশিত: 10:08 PM, October 13, 2026

কানাইঘাটে মোবাইল কোর্ট, ভিডিও ধারণে সাংবাদিককে বাধা

মোঃ উমর আল ফারুক, কানাইঘাট প্রতিনিধিঃ

কানাইঘাটে মোবাইল কোর্ট, ভিডিও ধারণে সাংবাদিককে বাধা
সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে ছবি ও ভিডিও সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন দৈনিক সচিত্র সিলেটের কানাইঘাট প্রতিনিধি জাকির আহমদ সাজেদ।

সোমবার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কানাইঘাট আব্দুল ওয়াহিদের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীকে বাধা দেওয়া ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী গণমাধ্যমকর্মীর অভিযোগ, মোবাইল কোর্টের কার্যক্রমের সংবাদ সংগ্রহের জন্য ভিডিও ধারণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সিএ আব্দুল ওয়াহিদ তাঁকে বাধা দেন । শুরুতেই তিনি তেড়ে আসেন এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় উপস্থিত লোকজনের সামনে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন তিনি। অভিযোগ রয়েছে, এর আগেও আব্দুল ওয়াহিদের সঙ্গে গণমাধ্যমকর্মীর একই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

জানা গেছে, বর্তমান পদে দায়িত্ব পালনের আগে আব্দুল ওয়াহিদ কানাইঘাট উপজেলা নির্বাচন অফিসে কর্মরত ছিলেন। ওই সময়ও তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কথা স্থানীয়ভাবে জানা যায় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

স্থানীয়দের কয়েকজনের অভিযোগ, উপজেলা পরিষদের পাশ্ববর্তী এলাকায় বাড়ি হওয়ায় আব্দুল ওয়াহিদ বিভিন্ন সময়ে সাধারণ মানুষের সঙ্গে প্রভাব বিস্তারমূলক আচরণ করেন। এ ছাড়া উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে তাঁর বাকবিতণ্ডা লেগেই থাকে বলে দাবি করছেন স্থানীয়রা।

উপজেলার বিভিন্ন অবৈধ প্রতিষ্ঠানের কাছ থেকে প্রশাসনিক পরিচয় ব্যবহার করে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

জনস্বার্থে পরিচালিত প্রশাসনিক কার্যক্রমের সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের দায়িত্ব পালনের সুযোগ এবং তাঁদের সঙ্গে পেশাদার আচরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

বিষয়টি নিয়ে আব্দুল ওয়াহিদের বক্তব্য জানতে চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন ও গণমাধ্যমকর্মীদের নিয়ে কটূক্তিমূলক কথা বলেন।

এদিকে, গণমাধ্যমকর্মীর সাথে অনাঙ্ক্ষিত ঘটনার বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকতার সঙ্গে কথা বলেন কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন। ওই সময় ইউএনও সুমাইয়া ফেরদৌস জানান তিনি বিষয়টি খতিয়ে দেখছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর