ঢাকা |
প্রকাশিত: 1:31 AM, September 25, 2026
বিজয়ের কন্ঠ ডেস্কঃ
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুম-৪ এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের অংশ হিসেবে আয়োজিত এ বৈঠকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে প্রধানমন্ত্রী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় চারটি জরুরি বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানান। এর মধ্যে রয়েছে বৈশ্বিক কার্বন নিঃসরণ দ্রুত ও ন্যায়সংগতভাবে কমানো, জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজলভ্য ও পূর্বানুমেয় অভিযোজন অর্থায়ন নিশ্চিত করা, জলবায়ু-স্মার্ট প্রযুক্তি ও আগাম সতর্কীকরণ ব্যবস্থার সুযোগ বাড়ানো এবং জলবায়ুজনিত বাস্তুচ্যুতি ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা।
তারেক রহমান বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২৫ সেন্টিমিটার বাড়লে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের প্রায় ৪ শতাংশ ভূমি পানিতে তলিয়ে যেতে পারে। এতে প্রায় এক কোটি মানুষের ঘরবাড়ি, জীবিকা ও মানবিক মর্যাদা হুমকির মুখে পড়তে পারে বলে বিশ্বব্যাংকের একটি হিসাবের কথা তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শুধু অভিযোজন ব্যবস্থা যথেষ্ট নয়। বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্যের মধ্যে রাখতে হলে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর পাশাপাশি জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে প্রয়োজনীয় অর্থ ও প্রযুক্তিগত সহায়তা দিতে হবে।
প্রধানমন্ত্রী জানান, জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশ আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন, পদ্মা ব্যারাজ উদ্যোগ এগিয়ে নেওয়া, তিস্তা ব্যারাজের আধুনিকায়ন এবং ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে অন্তত ২০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েও কাজ করছে বাংলাদেশ।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বিষয়ে গৃহীত আন্তর্জাতিক অঙ্গীকারগুলোকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার আহ্বান জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host