ঢাকা |
প্রকাশিত: 8:05 PM, October 14, 2026
বিজয়ের কন্ঠ ডেস্কঃ
‘রুটি-রুজির সংগ্রাম চলছে, চলবে, ‘বেতন নিয়ে টালবাহানা চলবে না-এমন স্লোগানে দুর্গাপূজার বোনাসের দাবিতে আন্দোলনে নেমেছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগানের ১ হাজার ১৭ জন শ্রমিক। বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে কাজ বন্ধ রেখে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
আন্দোলনরত শ্রমিকেরা অভিযোগ করেন, প্রতিবছর দুর্গাপূজার আগে তাঁরা ৬০ শতাংশ হারে বোনাস পেতেন। এবার বাগান কর্তৃপক্ষ ৩০ শতাংশ বোনাস দেওয়ার কথা বলছে। আজকের মধ্যে পূর্ণ বোনাস না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
চা শ্রমিক রিতা পাইনকা, শান্তি তাঁতি, আলন্তী উরাং, মানিক প্রসাদ, লেবুলাল বাউরী ও সুমন কুর্মীসহ অন্যরা বলেন, সারা বছর পরিশ্রম করেও উৎসবের সময় তাঁদের পাওনা নিয়ে টালবাহানা করা হচ্ছে। বাগানে লোকসান না থাকলেও শ্রমিকদের সঙ্গে এমন আচরণ কেন, সে প্রশ্নও তোলেন তাঁরা।
বাগানের সাবেক সভাপতি নিরঞ্জন তন্তবাই ও বর্তমান সভাপতি মন্টু অলমিক বলেন, ‘আশপাশের বাগানগুলোতে শ্রমিকেরা বেতন-বোনাস পেলেও মিরতিংগার শ্রমিকেরা এক সপ্তাহের মজুরি ও পূজার বোনাস পাননি। দ্রুত পাওনা পরিশোধ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মিরতিংগা চা বাগানের ব্যবস্থাপক রেজাউল হায়াত খান (ইমন) বলেন, শ্রমিকদের আন্দোলন যৌক্তিক। তবে ব্যাংক থেকে প্রত্যাশিত ঋণ না পাওয়ায় পূর্ণ বোনাস দেওয়া সম্ভব হচ্ছে না। অর্ধেক বোনাস দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও শ্রমিকেরা তা নিতে রাজি নন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host