ঢাকা ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০
ডেস্ক প্রতিবেদন: করোনার বিস্তাররোধে বগুড়া জেলাকে লকডাউন ঘোষনা করা হয়েছে। ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার সীমাবাড়ি বাজারে বসানো হয়েছে চেকপোস্ট। পুলিশের চোখ ফাঁকি দিয়ে পিকআপ ভ্যানে মাছের ড্রামের ভেতর লুকিয়ে বাড়ি ফেরার চেষ্টা করেন শ্রমজীবি মানুষ। এ সময় তাদের আটক করেছেন পুলিশ। বৃহস্পতিবার তোলা এমনই একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
শেরপুর উপজেলার সীমাবাড়ি থেকে ছবি গুলো তুলেছেন পুলিশের এক কর্মকর্তা। তিনি শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ। একটি পিকআপ ভ্যানসহ শ্রমজীবিদের আটকের ছবি শেরপুর থানা পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করা হয়েছে।
জানা গেছে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। তবে খাদ্য সরবরাহের পরিবহন চলাচলের অনুমতি রয়েছে। এ সুযোগে ঢাকা ও নারায়নগঞ্জ থেকে বাড়িতে ফেরা মানুষ গুলো মাছবাহী পিকআপ ভ্যান বেছে নেন। তারা মাছের ড্রামের ভেতর বসে লুকিয়ে বাড়ি ফেরার চেষ্টা করছিলেন। কিন্ত পুলিশের তল্লাশিতে ধরা পড়েন তারা। মানুষের এমন অসচেতনতায় করোনভাইরাস সংক্রমণের ভয়াবহতা বাড়ার শঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনী।
লকডাউন কিংবা ঘরে থাকার নির্দেশনা যে মানছে না তার উদাহরণ এই ট্রাক। উৎকট আঁশটে গন্ধে ভরা মাছের ড্রামে করে বাড়িতে ফেরার সেই চিত্র ঘুরছে এখন ফেসবুকে। তারা মাছ বা মৎস জাতীয় কোনো প্রাণি নয়, তারা সৃষ্টির সেরা জীব মানুষ। নিদারুণ এই চিত্র দেখে অনেকে আবেগে আপ্লুত হয়ে গেছেন। অনেকে আবার ভাইরাল হওয়া ছবিতে নানা মন্তব্য ছুঁড়ে দিচ্ছেন।
এসব শ্রমিকের মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। একদিকে অমানবিক এক পরিস্থিতি, আরেকদিকে করোনা মহামারির আতঙ্ক ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন তারা।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ‘বগুড়া জেলা লকডাউন ঘোষণা হয়েছে। বাইরের কোনো মানুষ যেন এই জেলাতে ঢুকতে বা বের হতে না পারে সেজন্য চোকপোস্ট বসানো হয়েছে। তারপরও অভিনব কৌশলে মাছের ড্রামে লুকিয়ে বগুড়ার দিকে ফিরছিলেন শ্রমজীবি মানুষগুলো। এ সময় ধরা পড়া এসব মানুষ ক্ষমা প্রার্থনা করলে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে নাম-পরিচয় লিপিবদ্ধ করে তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে সংশ্নিষ্ট এলাকার প্রশাসনকে জানানো হয়েছে।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host