ঢাকা ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২৪
নিজস্ব প্রতিবেদক: নাহিম মিয়া
সিলেটে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সিলেটের কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণের এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের ২য় ধাপে নির্বাচিত সিলেটের কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, হবিগঞ্জের নবীগঞ্জ ও বাহুবল, সুনামগঞ্জের ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুর এবং মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিগণ শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণের উদ্দেশে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সেবা করার জন্য জনপ্রতিনিধিদের নির্বাচিত করা হয়। আশা করছি শপথ বাক্যের মর্মার্থ বুকে ধারণ করে প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে দেশ সেবায় নিয়োজিত থাকবেন।
তিনি আরও বলেন, জনগণের সমস্যা, চাহিদা ইত্যাদি বিষয়ে অবগত হয়ে তা সংশ্লিষ্ট সরকারি কর্মচারীদের অভিহিত করবেন। এতে জনগণ দ্রুত কাঙ্খিত সেবা পাবে এবং সরকারের উন্নয়ন কার্যক্রম বেগবান হবে
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host