ঢাকা ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৬
কানাইঘাট সংবাদদাতা
সিলেটের কানাইঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন ওরফে নুবেল (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৫ নং বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন ওই গ্রামের হারিছ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আজ সকালে ইসমাইল হোসেন তাঁর বসতঘরের পেছনে মাটি ভরাটের কাজ করছিলেন। এ সময় একই বাড়ির জয়নাল আহমদের ছেলে লোকমানের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লোকমান ও তাঁর সহযোগীরা ইসমাইলকে ছুরিকাঘাত করেন। বাধা দিতে গেলে ইসমাইলের মা-ও গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন আহত মা ও ছেলেকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ইসমাইলের অবস্থার অবনতি হলে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host