ঢাকা ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৬
কানাইঘাট সংবাদদাতা
সিলেটের কানাইঘাট উপজেলার মুক্তাপুর গ্রামে চাঞ্চল্যকর ইসমাইল আহমদ (১৯) হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সালমান নূর আলমের দিকনির্দেশনায় এবং কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মূল আসামি ইসলাম উদ্দিন (২২), লোকমান হোসাইন (২৫) ও জয়নাল আবেদীন (৫৫)। তারা তিনজনই মুক্তাপুর গ্রামের বাসিন্দা।
উল্লেখ্য, বাড়ির সীমানায় মাটি ফেলা নিয়ে বিরোধের জেরে গত বুধবার (৪ ফেব্রুয়ারি) বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হন মো. হারিছ উদ্দিনের ছেলে ইসমাইল আহমদ। এ ঘটনায় নিহতের পরিবার কানাইঘাট থানায় একটি হত্যা মামলা (নং–০২/০৫/০২/২০২৬) দায়ের করে।
গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host