নিজেদের ভোট দিতে পারবেন না ৩ প্রার্থী

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৬

নিজেদের ভোট দিতে পারবেন না ৩ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
উৎসবের ভোট কড়া নাড়ছে যখন দরজায় তখন সবকিছু পেছনে ফেলে এবার আলোচনা উঠেছে সিলেটের ৩ প্রার্থী নিয়ে। কারণ তারা যে প্রতিদ্বন্দ্বিতা করছেন সে আসনে তাদের ভোট না থাকায় আসন্ন নির্বাচনে তারা নিজের ভোট নিজেকে দিতে পারবেন না। তবে অন্য প্রার্থীদের সাথে সমান তালে তারা চালিয়েছেন নির্বাচনী প্রচারণা। তবে প্রার্থীরা তাদের পোস্টালের মাধ্যমে দিতে পারলেও তারা তা করেননি। সেই সুযোগও তারা হাতছাড়া করেন।
জানা যায়, সিলেট-১ (সিলেট সিটি করপোরেশন ও সিলেট সদর উপজেলা) আসনের গণঅধিকার পরিষদের আকমল হোসেন ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন এবং সিলেট-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী যে আসনে নির্বাচন করছেন সেই আসনে তারা ভোট দিতে পারছেন না।
সিলেট-১ আসনের ট্রাক প্রতীক গণঅধিকার পরিষদ থেকে প্রার্থী আকমল হোসেনের ভোটকেন্দ্র তার স্থায়ী ও বর্তমান ঠিকানা গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণভাগ-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
সিলেট-১ আসনে কাস্তে প্রতীকে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমনের ভোট তার স্থায়ী ও বর্তমান ঠিকানা সুনামগঞ্জ জেলায়। তিনি সুনামগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের ভোটার। তার ভোটকেন্দ্র প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র জামতলা সুনামগঞ্জ।
সিলেট-২ আসনে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীর ভোট তার বর্তমান ঠিকানা সিলেট সিটি করপোরেশনের মজুমদারি এলাকায়। তার ভোটকেন্দ্র সিলেট সিটি করপোরেশনের আম্বরখানা গালস স্কুল এন্ড কলেজ।
এ ব্যাপারে সিলেট-১ আসনের বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন বলেন, আমার ভোট সুনামগঞ্জে। পোস্টাল ভোটের জন্য আবেদন করিনি। যেহেতু সিলেট-১ আসন আমার নির্বাচনী এলাকা তাই ভোট দিতে সুনামগঞ্জ যেতে পারব না।
সিলেট-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী বলেন, আমার ভোট সিলেট সিটি করপোরেশনে। পোস্টাল ভোটের জন্য আবেদন করিনি। নির্বাচনের দিন সময়ে হলে সিটি করপোরেশনে ভোট দিয়ে যাব।

সর্বশেষ ২৪ খবর