একরাতে দুই অগ্নিকান্ডে নগরজুড়ে আতঙ্ক

প্রকাশিত: 7:49 PM, February 11, 2026

একরাতে দুই অগ্নিকান্ডে নগরজুড়ে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক
সিলেটে একরাতেই দুটি অগ্নিকান্ডের ঘটনায় নগরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। তবে কোথাও তেমন কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। আবার দুটি অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর আখালিয়া নতুন বাজার ও সুবহানীঘাট এলাকায় এসব ঘটনা ঘটেছে।
প্রথম ঘটনাটি ঘটেছে নগরীর আখালিয়া নতুনবাজার এলাকার একটি টিলায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। টিলার উপর আগুন দেখে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয়রা সিলেট সার্ভিসে খবর দেন। তারা ঘটনাস্থলে পৌঁছার পর দেখেছেন স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণ করে ফেলেছেন। তারা গাড়ি নিয়ে ফিরে আসেন। আগুনের উৎস সম্পর্কে ফায়ার সার্ভিস কোনো তথ্য জানাতে পারেনি।
পরে রাত ৮টার দিকে সোবহানীঘাটস্থ ইবনেসিনা হাসপাতালের সামনের একটি দোকানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তারা দ্রুত একটি গাড়ি নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়। তবে রাস্তায় অতিরিক্ত জ্যামের কারণে তারা ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে।
এরমধ্যেই স্থানীয় উদ্যোগে আগুন নিয়ন্ত্রণ করা হয়।
দুটি ঘটনা সম্পর্কেই সিলেট ফায়ার সার্ভিস তালতলা ফায়ার স্টেশনের সহকারী পরিচালক তৌফিক দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি সিলেটের বাইরে অবস্থান করছেন। তবে দুটি ঘটনাই স্থানীয়ভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং কোনো ক্ষয়-ক্ষতি হয়নি বলেই নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর