মন্ত্রী সভা নিয়ে আলোচনা : তারেক রহমানের ডাকে ঢাকায় সিলেটের ৫ জন

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মন্ত্রী সভা নিয়ে আলোচনা : তারেক রহমানের ডাকে ঢাকায় সিলেটের ৫ জন

বিজয়ের কণ্ঠ ডেস্ক
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ভূমিধস বিজয় লাভ করায় এখন তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিপরিষদ গঠনের জল্পনা কল্পনা শুরু হয়েছে। সিলেটে বিএনপির বিপুল বিজয়ে তারেক রহমানের মন্ত্রী সভায় কারা থাকতে পারেন এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এবারের নির্বাচনে সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে ১৮ টিতেই জয় পেয়েছে বিএনপির প্রার্থীরা।
সূত্র জানায়, এদিকে মন্ত্রী সভা গঠনের আগেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) পৃথম পৃথক সময়ে সিলেট বিএনপির বিজয়ী প্রার্থীদের ফোন করে অভিনন্দন জানান। সেই সাথে সিলেটের কয়েকজন বিজয়ী প্রার্থীকে জরুরীভাবে ঢাকায় আসার কথা জানান। নেতার এমন জরুরী তাগিদে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতের মধ্যেই আরিফুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, রেজা কিবরিয়া, হুমায়ুন কবীর ও মাওলানা উবায়দুল্লাহ ফারুকসহ কয়েকজন বিমানের ফ্লাইটে ঢাকায় যান বলে দলীয় সূত্র জানায়।
বিএনপির মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, সবার নজর এখন সেদিকে। এ নিয়ে সিলেটের রাজনৈতিক অঙ্গনে চলছে জোরালো আলোচনা। নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেওয়ার পরই মন্ত্রিসভা গঠনের ক্ষণ গণনা শুরু হবে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির নতুন মন্ত্রিসভা হবে নবীন-প্রবীণের মিশেলে। অতীতে দলের প্রতি ত্যাগ ও যোগ্যতার ভিত্তিতে মন্ত্রিপরিষদে তারা জায়গা পাবেন। দল থেকে যাঁদের মনোনয়ন দেওয়া হয়নি, নতুন মন্ত্রিসভায় তাঁদের মূল্যায়ন করা হবে। বিষয়ভিত্তিক যাঁরা এক্সপার্ট, তাঁরাই এবার মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন। ঢাউস কোনো মন্ত্রিসভা করা হবে না বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকায় অবস্থান করা বিএনপির এক নেতা জানান, সবকিছু নির্ভর করছে দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর। কারণ তিনিই হবেন এই মন্ত্রিপরিষদের প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী যে কাউকে যেকোনো মন্ত্রণালয় দিতে পারেন।
এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সরকার গঠনের লক্ষ্যে ইতোমধ্যেই দলীয় ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা ও প্রস্তুতি। এবারের মন্ত্রিসভায় দলের অভিজ্ঞ ও প্রবীণ নেতাদের পাশাপাশি গুরুত্ব পাচ্ছেন নতুন রাজনীতিবিদরাও। ইতোমধ্যে সিলেটের বেশ কয়েকজন নবনির্বাচিত এমপি ঢাকায় অবস্থান করছেন বলে সূত্র নিশ্চিত করেছে। এবারের মন্ত্রীসভায় সিলেটের কোন মন্ত্রী না থাকলেও একাধিক পদে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন কয়েকজন। এরমধ্যে টেকনোক্র্যাট করে প্রতিমন্ত্রী দেয়া হবে আরেকজনকে।
দলীয় সূত্র বলছে, নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন, প্রশাসনে গতি আনা, নীতি নির্ধারণে নতুন ভাবনা এবং নতুন নেতৃত্ব সৃষ্টি করতেই তরুণদের অন্তর্ভুক্ত করার ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। ফলে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
দলের হাইকমান্ডে আলোচনা চলছে সিলেট-১ আসন থেকে খন্দকার আব্দুল মুক্তাদিরকে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী, সিলেট-৪ আসন থেকে আরিফুল হক চৌধুরী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, হবিগঞ্জ-১ আসন থেকে রেজা কিবরিয়া পরিকল্পনা প্রতিমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী (টেকনোক্র্যাট) হিসেবে বিবেচনায় রাখা হয়েছে। এছাড়া ধর্মমন্ত্রী (টেকনোক্র্যাট) হতে পারেন বিএনপি জোটের হয়ে সিলেট-৫ আসন থেকে নির্বাচনে অংশ নেয়া মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

সর্বশেষ ২৪ খবর