দেশ গড়তে ঐক্যের ডাক তারেক রহমানের * নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে: ইইউ পর্যবেক্ষক মিশন
বাংলাদেশকে অভিনন্দন জানাল জাতিসংঘ

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৬

<span style='color:#077D05;font-size:19px;'>দেশ গড়তে ঐক্যের ডাক তারেক রহমানের * নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে: ইইউ পর্যবেক্ষক মিশন</span> <br/> বাংলাদেশকে অভিনন্দন জানাল জাতিসংঘ

বিজয়ের কণ্ঠ ডেস্ক
নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) জাতিসংঘ এক বার্তায় এই অভিনন্দন জানিয়েছে।
বার্তায় উল্লেখ করা হয়, মহাসচিব সব রাজনৈতিক স্টেকহোল্ডারকে গতিশীলতা গড়ে তুলতে উৎসাহিত করেন, যাতে জাতীয় ঐক্য জোরদার করা যায়, গণতান্ত্রিক রীতিনীতি এবং আইনের শাসন, সংখ্যালঘুদের রক্ষা করার পাশাপাশি সব নাগরিক যেন তাদের মানবাধিকার পূর্ণ উপভোগ নিশ্চিত করতে পারে। বাংলাদেশ যেহেতু তার উত্তরণে (এলডিসি থেকে) অগ্রসর হচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কারের চেষ্টা করছে।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলন থেকে দেশ গড়তে ঐক্যের ডাক দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমান বলেন, এবার দেশ গড়ার পালা। দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার বেলা সাড়ে তিনটার পরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তারেক রহমান। সংবাদ সম্মেলনে বিভিন্ন দেশের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
বিজয়ের পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিএনপির চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, আমরা শান্তভাবে বিজয় উদযাপন করেছি। কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সেজন্য আমি দল এবং জোটের নেতাকর্মীদের আনন্দ মিছিল করতে নিষেধ করেছি। আমরা দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিজয়ের শুকরিয়া আদায় করেছি।
সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তারেক রহমান। বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন বিএনপি চেয়ারম্যান।
এদিকে ২০০৮ সালের পর এবারের নির্বাচন সবচেয়ে শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক ছিলÑ এমন মন্তব্য করেছেন ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্যভাবে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনের জন্য নতুন বেঞ্চমার্ক।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে পর্যবেক্ষক দলের নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ইভার্স ইজাবস বলেন, কোনো ধরনের সহিংসতাকেই সমর্থন করে না ইউরোপীয় ইউনিয়ন; সেটা শারীরিক হোক অথবা ভার্চুয়ালি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সোশ্যাল মিডিয়া অনেকটাই ঝুঁকিপূর্ণ ছিল বলেও মন্তব্য করেন ইজাবস। অন্যদিকে প্রধান সারির গণমাধ্যমগুলো প্রার্থী ও নির্বাচনের ক্ষেত্রে ভারসাম্য রক্ষার চেষ্টা করেছে বলেও তার অভিমত।
সংবাদ সম্মেলনে ইউরোপিয়ান কমিশন প্রধান বলেন, বাংলাদেশের মানুষের অধিকার বাস্তবায়নে এই নির্বাচন গ্রহণযোগ্য ছিল। গণতন্ত্রের ক্ষেত্রে যা যুগান্তকারী পদক্ষেপ রাখতে পারে। তিনি আরও বলেন, ভোটের পরবর্তী সময় সব রাজনৈতিক দলগুলো তাদের সমর্থকদের সহিংসতা থেকে দূরে রাখতে চেয়েছে, যা ইতিবাচক।

সর্বশেষ ২৪ খবর